ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনর্গঠন ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইরাক।
বাংলাদেশে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত শাকির কাশিম মাহদি আল-কাফফাফ মঙ্গলবার সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সঙ্গে দেখা করে এ আগ্রহের কথা জানান।
ইরাকী রাষ্ট্রদূত কর্মী নেওয়াসহ বিভিন্ন বিষয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান।
২০০৩ সালে যুদ্ধ শুরু হলে ইরাকে জনশক্তি রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। ২০০৯ সালের অক্টোবরে পরীক্ষামূলকভাবে কর্মী পাঠানো ফের শুরু হয়।
ইরাকসহ বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের সুনামের কথা উল্লেখ করে ইরাকী রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি কর্মীরা খুবই দায়িত্বশীল বলে তাদের অনেক সুনাম রয়েছে। তাই ইরাক এসব দায়িত্বশীল কর্মীকে কাজে লাগাতে চায়। দেশটির পুনর্গঠনের ক্ষেত্রে এসব কর্মী ইরাকের সহযোগী হতে পারে।
জবাবে ধর্ম প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে বলে ইরাকী রাষ্ট্রদূতকে আশ্বাস দেন।
বৈঠকে দু'দেশের ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি বিনিময় এবং ইরাকের পবিত্র স্থানগুলো পরিদর্শনে প্রতিনিধি দল পাঠানোর বিষয়েও আলোচনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৯২৭ ঘ.
bdnews24