২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রশিক্ষণ, গবেষণা এবং পর্যাপ্ত প্রশাসনিক সরঞ্জামের সমন্বয়ে একটি আধুনিক যুগোপযোগী বাহিনী হিসাবে সশস্ত্র বাহিনীকে গড়ে তোলা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 01:24 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রশিক্ষণ, গবেষণা এবং পর্যাপ্ত প্রশাসনিক সরঞ্জামের সমন্বয়ে একটি আধুনিক যুগোপযোগী বাহিনী হিসাবে সশস্ত্র বাহিনীকে গড়ে তোলা হবে। ঢাকা সেনানিবাসে মঙ্গলবার দুপুরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, "কমান্ডারদের প্রতি শ্রদ্ধাবোধ ও তাদের প্রতি অনুগত থাকলে যে কোনো কাজ দক্ষতা, শৃঙ্খলা ও আনুগত্যের সঙ্গে সমাধান করা সম্ভব। নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে সব কাজে আপনারা এগিয়ে যাবেন বলে আমি প্রত্যাশা করি।" তিনি বলেন, সরকার সশস্ত্রবাহিনীর জন্য উচ্চতর প্রশিক্ষণ ও সরঞ্জামাদির ব্যবস্থাসহ বাহিনীর আধুনিকায়নে সকল পদক্ষেপ গ্রহণ করবে। "যাতে বাংলাদেশ আরো বেশি হারে [জাতিসংঘ মিশনে] শান্তিরক্ষী পাঠাতে পারে এবং [বাংলাদেশের] শীর্ষ অবস্থান বজায় থাকে।" গত মে মাস পর্যন্ত বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ৯২ জন সেনা বিশেষজ্ঞ এবং সেনাবাহিনীর আট হাজার চারশ ৫৭ জন সদস্য নিয়োজিত রয়েছেন। সশস্ত্রবাহিনীর পেশাগত দক্ষতা, প্রশিক্ষণের মান বৃদ্ধি এবং সার্বিক আর্থ-সামাজিক কল্যাণে ন্যাশনাল ডিফেন্স কলেজ ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্থাপন, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিংয়ের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, দেশের পূর্ব সীমান্ত সুরক্ষার জন্য রামুতে একটি ব্রিগেড গ্র"পের জন্য স্থায়ী নিবাস ও অভিযানিক বিন্যাস সম্পন্ন করা হয়েছে। পিজিআর সদর দপ্তরে পৌঁছানোর পর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। পিজিআর কমান্ডার প্রধানমন্ত্রীকে ক্রেস্ট ও চিত্রকর্ম উপহার দেন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর তারেক আহমেদ সিদ্দিকী, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯১২ ঘ.