২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নাছির নিহত

সুন্দরবনের একটি ডাকাত দলের প্রধান মো. নাছির শেখ র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 06:09 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

বাগেরহাট, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের একটি ডাকাত দলের প্রধান মো. নাছির শেখ র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে খুলনার বটিয়াঘাটা উপজেলার নারায়ণখালী এলাকায় নাছির (৩৫) নিহত হয় বলে র‌্যাব জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, নাছির সাত-আট বছর ধরে বাহিনী তৈরি করে সুন্দরবনে জেলে নৌকায় ডাকাতি, চাঁদাবাজি ও জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করতো। গত ২৫ মে রাতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের মেহের আলী চর সংলগ্ন ভেদাখালী খাল থেকে মুক্তিপণের দাবিতে দুটি ট্রলারসহ ৪৫ জেলেকে অপহরণের অভিযোগ রয়েছে নাছির বাহিনীর বিরুদ্ধে। র‌্যাব-৬ এর সহ-অধিনায়ক মেজর বদরুদ্দোজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারায়ণখালী এলাকায় নাছির ও তার কয়েকজন সহযোগীর অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। "ভোর ৪টার দিকে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গেলে তা টের পেয়ে নাছির ও তার সহযোগীরা গুলি ছুড়তে শুরু করে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দস্যুরা পিছু হটলে গুলিবিদ্ধ অবস্থায় নাছিরকে পাওয়া যায়", বলেন তিনি। গুলিবিদ্ধ নাছিরকে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। নাছিরের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। তার বিরুদ্ধে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, জেলে অপহরণসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫৫ ঘ.