ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১২২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা। এবার সহিংসতা ও গোলোযোগ ২০০৩ সালের তুলনায় কম হলেও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এ নির্বাচনের প্রথম দফায় ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল সাড়ে পাঁচশ ইউপিতে ভোট হয়। দ্বিতীয় দফায় ৩১ মে থেকে ৫ জুলাই পর্যন্ত তিন হাজার ৮শ'র বেশি ইউপির নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়।
এর মধ্য দিয়ে দেশের সাড়ে চার হাজার ইউপির নির্বাচন প্রক্রিয়া শেষ হচ্ছে।
দ্বিতীয় দফার নির্বাচনে বেশ কিছু এলাকায় সংঘর্ষ ও খুনের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।
গত ২৯ জুন ইসির সংলাপে তিনি বলেন, "অতীতের চেয়ে ভালো ইউপি নির্বাচন হচ্ছে, কিন্তু খুন-খারাবিও ঘটেছে। এতে আমরা মোটেও সন্তুষ্ট নই। তবে আগামীতে আরো ভালো নির্বাচন করার বিষয়ে ইসি বদ্ধপরিকর।"
গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে ইসি কর্মকর্তারা জানান, এবার নির্বাচনকে ঘিরে অন্তত ৩৫ জন খুন হয়েছে। ২০০৩ সালের ইউপি নির্বাচনে ৭০ জনেরও লোক নিহত হয়েছিল।
এই পরিস্থিতিতে গত ১৭ জুন এসপি ও ডিসিদের একটি চিঠি পাঠায় ইসি। ওই চিঠিতে বলা হয়, "এ ধরনের অরাজক পরিস্থিতি আর কাম্য নয়। উদ্ভূত পরিস্থিতিতে ইসি খুবই উদ্বিগ্ন, এ অবস্থা চলতে দেওয়া যায় না।"
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেউ কেউ প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করছেন- এমন অভিযোগের কথাও জানায় ইসি।
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (পল্লী) আবদুল বাতেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইনি ও অন্যান্য জটিলতায় যেসব ইউপির নির্বাচন স্থগিত হয়ে আছে, সিদ্ধান্ত পেলে সেগুলোও স্বল্প সময়ে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০২৩৮ ঘ.
bdnews24