২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভয় দেখিয়ে টাকা আদায়: পুলিশের বিরুদ্ধে মামলা

আদালতের এক মহুরিকে আটক করে তার কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে পুলিশের এক উপ পরিদর্শকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 06:08 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের এক মহুরিকে আটক করে তার কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে পুলিশের এক উপ পরিদর্শকের বিরুদ্ধে মামলা হয়েছে। আইনজীবী সহকারী (মহুরি) শহীদুল ইসলাম সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে সায়দাবাদ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোল্লা জাকির হোসেনের বিরুদ্ধে এই মামলা করেন। বাদীর আইনজীবী জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসআই জাকির গত ১৭ জুন সায়দাবাদ বাস টার্মিনাল থেকে শহীদুলকে ধরে নিয়ে যাত্রাবাড়ী থানায় আটকে রাখেন। এর কারণ জানতে চাইলে জাকিরের নির্দেশে থানার এক কনস্টেবল তাকে বেদম মারধর করে। পরে পুলিশের ওই উপ পরিদর্শক শহীদুলের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে পুরনো একটি হত্যা মামলায় ফাঁসিয়ে রিমান্ডে নেওয়া হবে বলে হুমকি দেন। এরপর শহীদুল ১০ হাজার টাকা দিয়ে মুক্তি পান বলে দাবি করেন তার আইনজীবী। মহানগর দায়রা জজ আদালতের পেশকার ইফতেখার হোসেন জানান, মামলাটি আমলে নেওয়া হবে কি না সে বিষয়ে ১৮ অগাস্ট শুনানির দিন ঠিক হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/জেকে/২৩৩২ ঘ.