২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবলীগকর্মী মো. নাহিদ হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

নারায়ণগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবলীগকর্মী মো. নাহিদ হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ফতুল্লা থানার ফটক এলাকায় গ্রেপ্তার হন কামরুল ইসলাম হিটলার ও তজু মিয়া ওরফে তজু ডাকাত। ফতুল্লা মডেল থানার ওসি আইনুল হক জানান, বৃহস্পতিবার ফতুল্লার পিলকুনী এলাকায় নাহিদ হত্যার ঘটনায় ব্যাংক কলোনি এলাকায় খেলাফত হোসেন রাজুর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে সোমবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার গেট থেকে এ হিটলার ও তার সহযোগী তজু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় খেলাফতের বড় ভাই খোরশেদের স্ত্রী নূর জাহান বেগম থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ কর্মকর্তা জানান। নাহিদ হত্যা মামলার প্রধান আসামি হলেন খেলাফত হোসেন রাজু। তার নেতৃত্বে সন্ত্রাসীরা নাহিদকে বাসা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। নাহিদ হত্যার ঘটনায় খেলাফতের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে খেলাফত ও তার বড় ভাই খোরশেদ মিয়ার মালিকাধীন ১৬টি বসত ঘর পুড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৯ ঘ.