২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালের তদন্ত দল চট্টগ্রাম ছাড়লেন

পাঁচদিন ধরে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের তথ্য-উপাত্ত সংগ্রহ করে চট্টগ্রাম ছাড়লেন যুদ্ধাপরাধ বিষয়ক আন্তর্জাতিক অপরাধ তদন্ত দলের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 09:43 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

চট্টগ্রাম, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচদিন ধরে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের তথ্য-উপাত্ত সংগ্রহ করে চট্টগ্রাম ছাড়লেন যুদ্ধাপরাধ বিষয়ক আন্তর্জাতিক অপরাধ তদন্ত দলের সদস্যরা। সোমবার সকালে ১৩ সদস্যের তদন্ত দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত দলের সদস্য পুলিশ পরিদর্শক মো. ওবায়দুল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, অপরাধ তদন্ত দলের সদস্যরা গত পাঁচদিনে চট্টগ্রাম মহানগরী, রাউজান, রাঙ্গুনিয়া ও বোয়ালখালীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে একাত্তরে যুদ্ধাপরাধের ঘটনায় বিভিন্ন জনের সাক্ষ্য ও বক্তব্য নিয়েছেন। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন স্থানে আটটি গণকবরও পরিদর্শন করেছেন তারা। তদন্ত দলের সদস্যরা ২৮ জুন চট্টগ্রাম আসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তথ্য প্রমাণ ও সাক্ষীদের বক্তব্য যাচাই-বাছাই করতে তদন্ত দল এর আগেও তিন বার চট্টগ্রামে এসেছে। মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিনের বিরুদ্ধে একাত্তরে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইবুনালে আবেদন করে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও গ্রেপ্তার দেখানো হয় তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/আরএ/১৫৩৭ ঘ.