ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখন থেকে প্রধানমন্ত্রীর কাছে সম্পদের হিসাব দিতে হবে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সমমর্যাদার ব্যক্তিদের। মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিলেও তা প্রকাশের কোনো সিদ্ধান্ত হয়নি।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সম্পদের হিসাব দেওয়ার বিষয়টি অনুমোদন হয়।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বৈঠকের সিদ্ধান্ত কথা সাংবাদিকদের জানান।
তিনি বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাসহ সরকার বা প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত সমমর্যাদা ও তুলনীয় মর্যাদার ব্যক্তিদের সম্পদের হিসাব প্রধানমন্ত্রীর কাছে জমার দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে মন্ত্রিসভা।
মন্ত্রীদের সম্পদের হিসাব প্রকাশের বিষয়টি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিলো। মেয়াদের অর্ধেককাল পার করার পর এ বিষয়ে সিদ্ধান্ত নিলো তারা।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কবে হিসাব দেবেন- জানতে চাওয়া হলে প্রেসসচিব বলেন, প্রতিবছর যখন ব্যক্তিশ্রেণীর করদাতারা আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেন, তখনই তা দেওয়া হবে।
মন্ত্রীদের সম্পদের হিসাব দেওয়ার আলোচনা দীর্ঘদিন ধরে চললেও সিদ্ধান্ত হচ্ছিলো না। গত বছরের জুন মাসেও তা একবার মন্ত্রিসভার বৈঠকে উঠেছিলো।
সোমবারের বৈঠকে সমবায় গো-চারণভূমি (সৃজন ও সংরক্ষণ) আইন-২০১১'র খসড়া নীতিগত অনুমোদন এবং 'জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি নীতি-২০১১'র খসড়া অনুমোদন করা হয়েছে।
বৈঠকে 'পিতামাতার ভরণ-পোষণ বিল-২০১১'র খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করা হলেও তা ফেরৎ পাঠানো হয়।
আবুল কালাম আজাদ বলেন, বিলটিতে কোনো অসামঞ্জস্যতা রয়েছে কিনা, তা আরো পরীক্ষা করে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য খসড়াটি ফেরৎ পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৪৮ ঘ.
bdnews24