সিরাজগঞ্জ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি ট্রাক থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ সময় মুখে টেপ লাগানো অবস্থায় অসুস্থ চালককেও উদ্ধার করা হয়।
বগুড়া-নগরবাড়ী সড়কের ব্রহ্মকপালিয়া এলাকায় রোববার সকালে তাদের উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
নিহত সহকারী মাসুদ (২০) বগুড়ার কাহালু উপজেলার নজরুল ইসলামের ছেলে। চালক সবুজ (২৫) একই এলাকার ভুলু মিয়ার ছেলে।
অসুস্থ চালক সবুজকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারবোঝাই একটি ট্রাক ভৈরব থেকে বগুড়া যাবার পথে রাত আড়াইটার দিকে বগুড়া মাঝিড়া সেনানিবাসের সামনে গতিরোধকে পৌঁছলে দুই ছিনতাইকারী ট্রাকে ওঠে।
তারা চালক ও সহকারীর মুখে টেপ লাগিয়ে এবং হাত-পা রশি দিয়ে বেঁধে ট্রাকের নিয়ন্ত্রণ নেয়।
চালকের বরাত দিয়ে ওসি আরো বলেন, প্রায় দেড়ঘন্টা ট্রাকটি সামনের দিকে চালিয়ে গিয়ে ছিনতাইকারীরা ট্রাকের সার আনলোড করে। খালি ট্রাকটি নিয়ে পরে তারা সিরাজগঞ্জের দিকে রওনা দেয়।
এক পর্যায়ে ছিনতাইকারীরা চালক ও সহকারীকে ট্রাকের ভিতরে রেখে ব্রহ্মকপালিয়া এলাকায় নেমে যায়।
মাসুদের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/০১২৪ ঘ.
bdnews24