ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট।
রোববার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই সময়ে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এবং লালবাগে কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বুধ-বৃহস্পতি হরতালের ঘোষণা দেন।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়। এর প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেন, সংবিধান এখন আওয়ামী লীগের ইশতেহারে পরিণত হয়েছে। এর ফলে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে।
সংশোধিত সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও 'বিসমিল্লাহ' বহাল রাখা হলেও 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' শব্দবন্ধ বাদ পড়ায় বিএনপির মিত্র বলে পরিচিত ১২টি দল ইতোমধ্যে ১০ ও ১১ জুলাই সারাদেশে ৩০ ঘণ্টার হরতাল কর্মসূচি দিয়েছে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংসদে পাস হওয়ার পর জোটের পরবর্তী করণীয় ঠিক করতে শনিবার রাতে শরিকদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ওই বৈঠকের পর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, চার দল সরকারের বিরুদ্ধে যুগপৎ ও অভিন্ন কর্মসূচি পালন করবে।
রোববার বিএনপির সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পঞ্চদশ সংশোধনী দেশবাসীর আশা-আকাক্সক্ষার পরিপন্থী। এর মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে।
"দেশের ডান ও বাম দলও এতে ভিন্নমত পোষণ করেছে। সরকারের ভেতরেও রয়েছে বিরোধিতা। বিদেশি বন্ধুরাও অশনি সঙ্কেত দিচ্ছে", বলেন ফখরুল।
সরকারবিরোধী আন্দোলনে বিএনপি নেতাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এ বক্তব্যের পরদিনই এ কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, "বিএনপি নেতারাই এখন শঙ্কিত যে তিনি (খালেদা) কাদের লাশ চান, কাদের রক্ত চান। তাই বিএনপি নেতারা এখন পেছনে তিন-চার জন লোক নিয়ে ঘোরেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এআরআর/জেকে/০১১২ ঘ.
bdnews24