চট্টগ্রাম, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কনকো-ফিলিপসের সঙ্গে করা চুক্তির প্রতিবাদে তেল-গ্যাস রক্ষা কমিটির ঢাকায় আধাবেলা হরতালের সমর্থনে চট্টগ্রামে সমাবেশ হয়েছে। তবে সমাবেশ শেষে মিছিল করতে গেলে তাতে বাধা দেয় পুলিশ।
রোববার বেলা ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত ওই সমাবেশে ঢাকায় হরতালে ব্যাপক ধরপাকড়ের নিন্দা জানিয়ে আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়।
সাগরের দুটি ব্লকে গ্যাস অনুসন্ধানে গত মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি করে সরকার। এতে দেশের স্বার্থ রক্ষা হয়নি দাবি করে ঢাকায় আধাবেলা হরতাল ডাকে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
তেল-গ্যাস রক্ষা কমিটির চট্টগ্রাম শাখার সদস্য সচিব প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদ চট্টগ্রামের সমন্বয়ক মানস নন্দী, গণসংহতি আন্দোলনের হাসান মারুফ রুমি।
বক্তারা বলেন, জাতীয় স্বার্থে কনোকো-ফিলিপসের সঙ্গে করা চুক্তি বাতিল করতে হবে। সরকার অন্যায়ভাবে দমন-পীড়ন চালিয়ে মানুষের প্রতিবাদ জানানোর গণতান্ত্রিক অধিকার হরণ করছে বলেও অভিযোগ করেন তারা।
সমাবেশ শেষে সিপিবি নেতা শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিছিল করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ।
এ ব্যাপারে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন বলেন, ওই সংগঠনের নেতাদের মিছিল না করার অনুরোধ করলে তারা সমাবেশ শেষ করে শহীদ মিনার এলাকা ত্যাগ করে।
এছাড়া দেশের বিভিন্ন জেলায় তেল-গ্যাস রক্ষা কমিটির হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ হয়েছে।
ওদিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে তেল-গ্যাস রক্ষা কমিটি সমাবেশ করতে চাইলে তাতে পুলিশ বাধা দেয়।
সকাল ১১টার দিকে কমিটির ব্যানার ও লিফলেট ছিনিয়ে নেয় পুলিশ। পুলিশের ধাক্কায় কমিটির সদস্য নাসির উদ্দিন নাসু ও রাজিব আহত হন।
পরে তেল-গ্যাস রক্ষা কমিটির জেলা শাখার নেতারা মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে সমাবেশে পুলিশি হামলার বিস্তারিত তুলে ধরে তার তীব্র নিন্দা জানান।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. মজিবুর রহমান নেতাকর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, "আমরা শুধু সমাবেশ করতে নিষেধ করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএইচ/আরএ/১৬৩৫ ঘ.
bdnews24