২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর চেম্বার সভাপতির বিরুদ্ধে সচিবের জিডি

পদত্যাগে বাধ্য করায় দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি নুরুল মঈন মিনুসহ কয়েকজনের বিরুদ্ধে জিডি করেছেন প্রতিষ্ঠানটির সচিব হুমায়ুন কবীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 05:49 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

দিনাজপুর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদত্যাগে বাধ্য করায় দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি নুরুল মঈন মিনুসহ কয়েকজনের বিরুদ্ধে জিডি করেছেন প্রতিষ্ঠানটির সচিব হুমায়ুন কবীর। শুক্রবার কোতয়ালি থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) বলা হয়, সভাপতিসহ কয়েকজন চেম্বার নেতা হুমকি দিয়ে তাকে পদত্যাগে বাধ্য করেছেন। এদিকে চেম্বারের সাত সদস্য এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। হুমায়ুন কবীর অভিযোগে বলেন, গত বুধবার (২৯ জুন) বিকালে চেম্বার সভাপতিসহ ওই দুইব্যক্তি সচিবকে পদত্যাগপত্র লিখে দিতে বলেন। অন্যথায় প্রাণনাশের হুমকি দেন। পরে তিনি বাধ্য হয়ে পদত্যাগপত্র দিয়ে অফিস থেকে বের হয়ে আসেন। কোতোয়ালি থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, চেম্বারের সচিব শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চেম্বার সভাপতি নূরুল মঈন মিনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার বিরুদ্ধে জিডি হওয়ার বিষয়টি আমার জানা নেই। আমি এখন ঢাকায় অবস্থান করছি। এ বিষয়ে আমি কিছু জানি না।" এদিকে শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর চেম্বারের কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ ৭ জন চেম্বার সদস্য সভাপতির এ ধরনের আচরণকে অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী বলে উল্লেখ করে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা এই ঘটনার নিন্দা জানান ও ক্ষোভ প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩৩৪ ঘ.