চট্টগ্রাম, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বাটালি হিলের ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা দেওয়ালের ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে।
শনিবার বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র মনজুর আলম নির্দেশ দেওয়ার পরই এই প্রক্রিয়া শুরু হয় বলে সিসিসি'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান।
সিসিসি'র প্রধান রাজস্ব কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সচিব দীপক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেওয়ালের ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলতে প্রকৌশল বিভাগকে নির্দেশ দিয়েছেন মেয়র।
এই দেওয়ালের প্রায় ২০ ফুট অংশ ভেঙে ফেলা হবে, বলেন তিনি।
শুক্রবার ভোরে নগরীর টাইগার পাস এলাকার বাটালি হিলের মাটি ও প্রতিরক্ষা দেওয়াল ধসে পাঁচ পরিবারের আট শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়।
বাটালি হিল গণপূর্ত অধিদপ্তরের, প্রতিরক্ষা দেওয়াল চট্টগ্রাম সিটি করপোরেশনের এবং দুর্ঘটনাস্থলের জায়গাটি বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন।
সিসিসি'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসনাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকাল থেকে ৩৬০ ফুট দৈর্ঘ্যের প্রতিরক্ষা দেওয়ালের ঝুঁকিপূর্ণ অংশ ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমে দেওয়ালের ভেতরের অংশের মাটি সরানো হচ্ছে।
গিয়াস উদ্দিন নামের এক ঠিকাদার সিসিসি'র প্রতিরক্ষা দেয়ালের ৬০ ফুট অংশ ২৫ লাখ টাকায় নির্মাণ করেন। ওই ঠিকাদার ২০০৮ সালে কাজ শুরু করে এবং ২০০৯-১০ অর্থবছরে শেষ করে করপোরেশনকে বুঝিয়ে দেন।
৬০ ফুটের মধ্যে ৩০ ফুট শুক্রবার সকালে পাহাড় ধসের পর ভেঙে পড়ে।
এদিকে, দুর্ঘটনাস্থলের আশপাশে প্রতিরক্ষা দেওয়াল সংলগ্ন ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজন সরিয়ে দিয়ে সেখানে সিটি করপোরেশনের পক্ষ থেকে আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।
কাজ শুরু করতে পারেনি সরকারি তদন্ত কমিটি
পাহাড় ধস ও মানুষ মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি শনিবার কাজ শুরু করতে পারেনি।
পাঁচ সদস্যের তদন্ত কমিটির কমিটি প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসানে এলাহী জানান, কমিটির অপর সমস্যদের নাম এখনো না পাওয়ায় কাজ শুরু করা যায়নি।
শুক্রবার বিকালে গঠিত পাঁচ সদস্যের এ কমিটিতে বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম মহানগর পুলিশ, চট্টগ্রাম সিটি করপোরেশন ও গণপূর্ত বিভাগের একজন করে সদস্য রাখা হয়।
কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে পাঁচদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
রোববার থেকে কমিটি কাজ শুরু করবে উল্লেখ করে এহসানে এলাহী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রতিনিধি পাঠানোর জন্য বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২২২১ ঘ.
bdnews24