২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আক্রোশের শিকার চার হাজার কলা গাছ

নাটোর সদর উপজেলায় এক চাষির চার হাজার কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

নাটোর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর সদর উপজেলায় এক চাষির চার হাজার কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার আটঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে ওই কলাচাষি ও পুলিশ জানিয়েছে। কলাচাষি কাজী হেমায়েত উদ্দিন জানান, শুক্রবার রাতের কোনো এক সময় বাগানের চার হাজার কলা গাছ কাটা হয়। শনিবার সকালে বাগানে গিয়ে কাটা গাছগুলো পড়ে থাকতে দেখেন তিনি। 'রাজনৈতিক আক্রোশে' এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন হেমায়েত উদ্দিন। চাষি জানান, তার ছোট ভাই কাজী শাহ আলম জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক। এ কারণেই সরকার দলীয় লোকজন এমনটা করেছে বলে দাবি করেন তিনি। এর আগেও তার বাগানের বিভিন্ন ফসল ও ফলদ গাছ কেটেছে দুর্বৃত্তরা। এবার প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন হেমায়েত উদ্দিন। তিনি অভিযোগ করেন, আগেও থানায় মামলা করে কোনো প্রতিকার পাননি। তাই এবার আর থানায় মামলা করবেন না। আদালতেই মামলা করবেন। নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন কলা গাছ কাটার কথা স্বীকার করে বলেন, তিনি ঘটনাস্থল দেখে এসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩০ ঘ.