ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেওড়াপাড়া ও কল্যাাণপুরে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
আলাদা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধাবেলা হরতালের আগের দিন শনিবার বিকাল সোয়া ৪টার দিকে এই ঘটনা ঘটলো।
কাফরুল থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসটি মিরপুর থেকে রোকেয়া সরণী দিয়ে ফার্মগেট যাচ্ছিল। আগুন লাগার পরপরই সব যাত্রী নেমে যায়। কেউ হতাহত হয়নি।"
তিনি বলেন, "অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, কেউ আগুন লাগিয়ে দিতে পারে।" বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কল্যাণপুরের খালেক এন্টারপ্রাইজের সামনে দুলদুল পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফারহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, দমকল বাহিনীর একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/আরএম/জেকে/২০২০ ঘ.
bdnews24