মৌলভীবাজার, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ডাকাতের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হন একজন।
শনিবার গভীর রাতে কুমারশাইল গ্রামে এ ঘটনায় নিহত আনোয়ার হোসেন খালিদ (২৭) ওই গ্রামের সফরউদ্দিনের ছেলে।
গুলিবিদ্ধ মোস্তফা মিয়াকে (৫০) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বড়লেখা থানার ওসি কমল কুমার ধর জানান, রাত ২টার দিকে ৭/৮ জন ডাকাত অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল খালিকের বাড়িতে ঢুকে তার লাইসেন্স করা দোনলা বন্দুকটি দিতে বলে।
খালিক দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড দিয়ে মারধর করে নিজেরাই বন্দুকটি খুঁজে বের করে।
এ সময় পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ওই বন্দুক থেকে ডাকাতরা গুলি চালায়।
এতে প্রতিবেশী আনোয়ার ঘটনাস্থলে নিহত এবং মোস্তফা আহত হন।
এ ব্যাপারে আব্দুল খালিকের ছেলে উজ্জ্বল আহমদ বাদী হয়ে দুপুরে বড়লেখা থানায় একটি মামলা করেছেন। বন্দুকটি উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫৪ ঘ.
bdnews24