চট্টগ্রাম, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাটালি হিলে দেয়াল ধসের ঘটনায় চার প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম নগর কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে গঠিত হয়েছে আট সদস্যের কমিটি।
শনিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
শুক্রবার ভোরে টাইগার পাস এলাকার বাটালি হিলের মাটি ও সংরক্ষণ দেয়াল ধসে পাঁচ পরিবারের আট শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়।
বরখাস্তকৃত প্রকৌশলীরা হলেন- তদারক প্রকৌশলী মোখতার আলম, নির্বাহী প্রকৌশলী আবু সালেহ, সহকারী প্রকৌশলী রফিক উদ্দিন সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী এজাজুল হায়দার। তাদের সঙ্গে নির্মাণকাজ তদারককারী কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে।
সিসিসি'র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিরক্ষা দেয়ালের নির্মাণ কাজ, পরবর্তী সময়ে দায়িত্বে অবহেলা এবং তদন্ত কাজ নিরপেক্ষভাবে পরিচালনার জন্য তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
সিটি কর্পোরেশনের পক্ষে গঠিত আট সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ওয়ার্ড কাউন্সিলর এস এম ইকবাল হোসেনকে।
বাটালি হিল গণপূর্ত অধিদপ্তরের, প্রতিরক্ষা দেয়াল চট্টগ্রাম সিটি করপোরেশনের এবং দুর্ঘটনাস্থলের জায়গার মালিক বাংলাদেশ রেলওয়ে।
সাইফুদ্দীন বলেন, তদন্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির সদস্য সচিব করা হয়েছে সিসিসি'র নির্বাহী প্রকৌশলী আবুল হাসনাতকে। অন্য সদস্যরা হলেন- কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, কাউন্সিলর মাহাবুবুল আলম, বাটালি হিল এলাকার ওয়ার্ড কাউন্সিলর এফ কবীর আহমদ মানিক ও সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান, কর্পোরেশনের আইন কর্মকর্তা সারওয়ারই আলম ও মেয়রের একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম।
শুক্রবার ধসে পড়া প্রতিরক্ষা দেয়ালের নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন নির্বাহী প্রকৌশলী আবু সালেহ।
দুর্ঘটনার পর থেকে তার সঙ্গে কথা বলার জন্য গণমাধ্যমের পক্ষ থেকে অনেকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্তদের জন্য টাকা-চাল বরাদ্দ
পাহাড় ও দেয়াল ধসে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নগদ দু'লাখ টাকা ও ৪ দশমিক ৬৬ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
মৃতব্যক্তিদের প্রতি পরিবারকে ১০ হাজার টাকা এবং আহতদের প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে দেওয়া হবে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে ৩ দশমিক ৬৬ টন এবং ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে ১ টন চাল দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্তদের জন্য আরো নগদ অর্থ, চাল এবং গৃহ নির্মাণের অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭৫০ ঘ.
bdnews24