চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ের পাদদেশের অবৈধ বসতি সরাতে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ নির্দেশ দেওয়া হয়।
এছাড়া সভায় পাহাড় ধসে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে আরও তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রবল বর্ষণে শুক্রবার ভোরে চট্টগ্রামের বাটালি হিল এলাকায় পাহাড় ও দেয়াল ধসে ১২ জনের প্রাণহানির পর বিকালে অনুষ্ঠিত এ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হলো।
চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ সভায় সভাপতিত্ব করেন।
সভায় নেওয়া অপর সিদ্ধান্তগুলো হলো- বাটালি হিলের ধসে যাওয়া দেওয়াল অপসারণে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (সিসিসি) নির্দেশ, ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকার আশপাশের বাসিন্দাদের সাময়িক আশ্রয়ের জন্য পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখা এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া।
সভায় জেলা প্রশাসক বলেন, সংশ্লিষ্ট মালিকরা অবৈধ ঘর সারিয়ে নিয়ে তা জেলা প্রশাসনকে না জানালে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। অবৈধ বাড়িঘর সরানোর কাজে পাহাড়ের মালিকদের প্রয়োজনে সেনা, র্যাব ও পুলিশি সহায়তা দেওয়া হবে।
ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের শুক্রবার খাদ্য অধিদপ্তর থেকে ৩ হাজার ৬২০ কেজি চাল সরবরাহ করা হয়েছে বলে সভায় জানানো হয়।
পাহাড় ধসে নিহতদের সৎকারে প্রত্যেক পরিবারকে সিটি করপোরেশন এবং জেলা প্রশাসন ১০ হাজার করে বিশ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শামসুল আলম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসানে এলাহী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল ইসলাম, জেলা সিভিল সার্জন আবু তৈয়ব, নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমেনা বেগম, চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট কাজী আবদুর রহমান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/২১০৪ ঘ.
bdnews24