২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় ধসে ১৬ জনের মৃত্যু

প্রবল বর্ষণে চট্টগ্রামের বাটালি হিল এলাকায় পাহাড় ধসের ঘটনায় আরো এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

মিন্টু চৌধুরী ও মিঠুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণে চট্টগ্রামের বাটালি হিল এলাকায় পাহাড় ধসের ঘটনায় আরো এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে। এলাকাবাসী জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টার পর প্রবল বৃষ্টির মধ্যে নগরীর টাইগারপাসের বাটালি হিলের এক পাশের মাটি ধসে পড়ে। এক পর্যায়ে ধসে পড়া সেই মাটির চাপে পাহাড়ের পাশে নির্মিত সিটি করপোরেশনের প্রতিরোধ (রিটেইনিং) দেওয়াল ভেঙে পড়ে। ফলে ৬টি ঘরের কয়েকটি পরিবার চাপা পড়ে সেই দেওয়াল ও মাটির নিচে। পাহাড় ধসের পরপরই দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার কাজে নামে। পরে দুপুর ১২ টার দিকে লে. কর্নেল সরোয়ারের নেতৃত্বে চট্টগ্রাম সেনানিবাসের ইঞ্জিনিয়ারিং কোরের একদল সদস্য উদ্ধার কাজে যোগ দেন। সেনাবাহিনীর একটি মেডিকেল টিমও সেখানে কাজ শুরু করে। বিধ্বস্ত দেওয়াল ও কাদা-মাটির নিচ থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক লাশ। খুলশী থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক জানান, দুপুর পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়। এরা হলেন, রেহানা বেগম (৩২), তার মেয়ে ফাতেমা (৯) ও তানজিনা (২) এবং আজাদ (১০) ও শারমিন (১৭), আমজাদ (৩৮), রাজিয়া বেগম (২৭) ও শারমিন (১০)। বিকাল সাড়ে পাঁচটার দিকে আরও চারজনের লাশ উদ্ধার করা হয় বলে জানান আগ্রবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ। এরা হলেন শফিকুল্লাহ (৪০), তার স্ত্রী মিলু আক্তার (৩০), ছেলে মিরাজ (৫) ও মেয়ে সোনিয়া (৮)। রাত ১০টার দিকে সাজ্জাদ (৫) ও শাহিদা (৪) নামের দুই ভাই-বোন এবং রাত ১২টার পর শাহীনূর নামের এক কিশোরী ও তার মা রিজিয়া বেগমের (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান আগ্রবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান ও খুলশী থানার এস আই রুহুল আমীন। এর আগে ধসের প্রায় ৫ ঘণ্টা পর মাটি ও দেয়ালের নিচ থেকে আহতাবস্থায় আনোয়ার (২৫) নামের একজনকে জীবিত উদ্ধার করা হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি আবু জাফর জানান। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরিদ আহমেদ চৌধুরী বলেন, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ওই পাহাড়ের পাশের এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে এলাকার লোকজনকে সরে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিলো। ওসি আবু জাফর জানান, কয়েকদিন ধরেই পাহাড়ের পাদদেশের পরিবারগুলোকে সরে যেতে বলা হচ্ছিলো। বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে লোকজনকে সরিয়েও দেওয়া হয়। কিন্তু রাতে তারা আবার ফিরে আসে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মঞ্জুর আলম, জেলা প্রশাসক ফয়েজ আহমেদ এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/কেএমএস/এএল/জেকে/০২১৮ ঘ.

এ সম্পর্কিত আরো খবর