বান্দরবান, জুলাই ১, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তিনদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান-কেরানীহাট প্রধান সড়ক তলিয়ে যাওয়াও ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বান্দরবানের।
বান্দরবান পূরবী চেয়ারকোচ সার্ভিসের কাউন্টার ইনচার্জ প্রিয়তোষ দাশ জানিয়েছেন, প্রধান সড়কের বাজালিয়া ও আমতলী এলাকায় প্রধান সড়কে ৩/৪ ফুট পানিতে তলিয়ে গেছে।
ভোরে কিছু যানবাহন চলাচল করলেও সকাল সাড়ে ৮টা থেকে বান্দরবান-চট্টগ্রাম-কক্সবাজার-ঢাকা সড়কে কোনো যানবাহন চলাচল করতে পারেনি। এতে অনেক যাত্রীই কেরানীহাট ও বান্দরবান শহরে আটকা পরেছেন।
এদিকে স্থানীয় সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি। পানিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিনে বান্দরবানে প্রায় ৩০০ মিলিমিটার (মি.মি.) বৃষ্টিপাত রেকর্ড করেছে মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজন কেন্দ্র কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৫৩৫ ঘ.
bdnews24