২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি কাউন্সিলরের ওপর পুলিশি 'হামলার' প্রতিবাদ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম মনির ওপর পুলিশি 'হামলার' তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ৫২ কাউন্সিলর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 05:28 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম মনির ওপর পুলিশি 'হামলার' তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ৫২ কাউন্সিলর। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বিভিন্ন সংবাদ মাধ্যম কার্যালয়ে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। সিসিসি'র মোট ৫৫ জন কাউন্সিলর রয়েছেন। স্বাক্ষরকারী ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাসান মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন জনপ্রতিনিধির ওপর পুলিশি হামলা চালানো হয়েছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচার দাবি করেন হাসান মুরাদ। গত ১৩ জুন রাতে মহিলা দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনিকে নগরীর কোতোয়ালী থানার পুলিশ শারীরিকভাবে নির্যাতন করে বলে অভিযোগ করেন নগর বিএনপি নেতারা। গত ১৫ জুন বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লালখান বাজার এলাকায় এক আত্মীয়ের বাসায় ঢুকে পুলিশ মনিও ওপর নির্যাতন চালায়। তবে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) প্রশাসন এ অভিযোগ অস্বীকার করেছে। ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী জানান, এ ঘটনার প্রতিবাদ জানাতে গত সপ্তাহে কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নুরুল হক হাজী, ইসমাইল বালি, এম এ মালেকসহ কয়েকজন কাউন্সিলর সিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২৩১০ ঘ.