রিপনচন্দ্র মল্লিক,
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের চেষ্টার বিচার চাওয়ায় স্কুলের প্রধান শিক্ষক আর স্থানীয় ইউপি চেয়ারম্যান সালিশ বসিয়ে স্কুল ছাত্রীটিকে ৫০ ঘা দোররা মেরে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়ে স্কুল থেকে বের করে দিয়েছে।
ছাত্রীটির বাবা এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন। পরিবারটি এখন নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ বিশাই হাওলাদারের কান্দি গ্রামে গত ২২ জুন এই সালিসের ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
মেয়েটি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। বাড়ি থেকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায় প্রতিদিনই একই গ্রামের দীপু গাজীর ছেলে রাসেল গাজী তাকে প্রেম নিবেদনসহ নানাভাবে উত্ত্যক্ত করতো।
প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৯ জুন স্কুলে যাওয়ার পথে রাসেল তাকে অস্ত্রের মুখে পাট ক্ষেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
ছাত্রীটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং রাসেল গাজী দৌড়ে পালিয়ে যায়। লোকজন মেয়েটিকে বাড়ি পৌঁছে দিয়ে যায়।
মেয়েটির বাবা জানান, ঘটনার পর পরই স্কুলের প্রধান শিক্ষক মো. সুলতান মাহমুদের কাছে বিচার দেই। প্রধান শিক্ষক তাকে বিচারের আশ্বাস দিয়ে ঘটনাটি থানা পুলিশকে বলতে নিষেধ করেন।
কিন্তু প্রধান শিক্ষক ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান সরকারকে জানান।
তারা দুজনেই ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হলে বিচার হবে বলে আশ্বাস দেন। নির্বাচনে বজলুর রহমান সরকার পুনর্নির্বাচিত হন।
এলাকাবাসীরা জানান, ২২ জুন দুপুরে স্কুলের লাইব্রেরিতে চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মিলে সালিশ বসান। সালিশে শতাধিক লোক উপস্থিত ছিলেন।
বিচারে চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মেয়েটিকে চরিত্রহীন বলে সাব্যস্ত করেন। শাস্তি হিসাবে তাকে ৫০ ঘা দোররা ও স্কুলে আসতে নিষেধ করেন। সালিশে অভিযুক্ত রাসেলকেও ৫০ ঘা দোররা মারার হুকুম দেয়া হয়।
ছাত্রীর বাবাকে বলা হয় মেয়েকে দোররা মারার জন্য। কিন্তু বাবা মেয়েকে দোররা মারতে অস্বীকৃতি জানান। তখন চেয়ারম্যান মেয়ের বাবাকে পেটানোর জন্য ইউনিয়ন পরিষদের চৌকিদারকে হুকুম দেন।
চৌকিদার মেয়ের বাবাকে পেটানোর জন্য গেলে উপায়ান্তর না দেখে বাবাই তখন মেয়েকে ৫০ ঘা দোররা মারেন।
শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) আহাম্মদ আলী সালিশে উপস্থিত লোকজনের বরাত দিয়ে জানান, মেয়েটিকে দোররা মারার সময় এমন এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় যে, পরে রাসেল দোররা থেকে রেহাই পেয়ে যায়।
সালিশে উপস্থিত সুমন নামের এক যুবক দাবি করেন, বিচারের সময় চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মেয়েটি, তার বাবা ও এলাকাবাসীর কোনো কথাই শোনেন নি।
এ ঘটনার পর মেয়েটির বাবা বাদী হয়ে ৩০ জুন শিবচর থানায় অভিযোগ করেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই আহাম্মদ আলী জানান, ঘটনাটি উপজেলা শহর থেকে অনেক দূরে ও বিচ্ছিন্ন হওয়ায় খবরটি আমাদের কাছে কিছুটা দেরিতে আসে। মেয়ের বাবা অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। গ্রাম্য সালিশে সঠিক বিচার না করে মেয়েটির উপরে চরম অন্যায় করা হয়েছে।
তিনি বলেন, বিচার করার দায়িত্ব আদালতের। সালিশে কৌশলে পিতাকে দিয়ে মেয়েটিকে দোররা মারা হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান মাহমুদ বলেন, রাসেল ছাত্রীটিকে পাট ক্ষেতে নিয়ে গেছে তা ঠিক। তবে ছাত্রীরও দোষ আছে। আমরা ওকে দোররা মারি নি। ওর পিতাই ওকে মেরেছে।
ইউপি চেয়ারম্যান বজলুর রহমান সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
শিবচর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, মেয়ের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।
মেয়েটি বলে, অপরাধ করলো রাসেল আর সাজা ভোগ করতে হলো আমাকে। স্যার আমাকে টিসি দিয়ে স্কুলে যেতে নিষেধ করেছে। এ্যাহন আমার মরণ ছাড়া কোনো উপায় নাই।
কথা বলতে বলতে মেয়েটি তাকে বাঁচানোর আকুতি জানায়।
মেয়েটির বাবা বলেন, থানায় যাওয়ার পর রাসেলের পরিবার নানাভাবে আমাদের হুমকি দিচ্ছে। আমরা গরিব বলে আমার মেয়ের উপর এই অন্যায় আচরণ করা হয়েছে।
তিনি এই ঘটনার বিচার দাবি করেন।
মাদারীপুরের পুলিশ সুপার মো. নজরুল হোসেন বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি অবগত হয়েছি। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৫৫ ঘ.
bdnews24