মৌলভীবাজার, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে ৩শ' লিটার চোলাই মদসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে তাদেরকে আদালতের নির্দেশে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মৌলভীবাজার সদরের বেকামুড়া গ্রামের কুদরত আলী (১৯), জগন্নাথপুর গ্রামের শহিদ মিয়া (২৮), শেরপুর গ্রামের মনজু নন্দী (৩০), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতক গ্রামের সাইফুল মিয়া (২২), বাহুবল উপজেলার নয়ন মিয়া (২৬) ও শ্রীমঙ্গল উপজেলা সদরের কলেজ রোডের নুনুয়া ভাস্করের স্ত্রী মালতি ভাস্কর (২৭)।
মৌলভীবাজার মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপ-পরিদর্শক সজল কুমার কানুর নেতৃত্বে একদল পুলিশ শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের বেজবাড়ি মোড়ে অভিযান চালায়। এ সময় পলিথিন ব্যাগে ভর্তি ২শ' লিটার চোলাই মদসহ কুদরত, শহিদ, সাইফুল ও মনজুকে গ্রেপ্তার করা হয়।
অমূল্য জানান, এর কিছুক্ষণ পর উপ-পরিদর্শক নাজিম উদ্দিনের নেতৃত্বে 'এমএজে' সিএনজি পাম্পের কাছ থেকে ১শ' লিটার চোলাই মদসহ মালতি ও নয়নকে গ্রেপ্তার করা হয়।
এরা সবাই সিএনজি আটোরিকশা করে চোলাই মদ মৌলভীবাজারে নিয়ে যাচ্ছিলো।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬৫৭ ঘ.
bdnews24