২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোটের সাত দল ও সিপিবির কর্মসূচিতে বাধা

রাষ্ট্রধর্মসহ ৭২'র সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক ধারা রেখে সংবিধান সংশোধনীর কয়েকটি প্রস্তাবের বিরোধিতা করে মহাজোটের সাতটি দল ও সিপিবির সংসদ অভিমুখী পদযাত্রা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 07:17 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রধর্মসহ ৭২'র সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক ধারা রেখে সংবিধান সংশোধনীর কয়েকটি প্রস্তাবের বিরোধিতা করে মহাজোটের সাতটি দল ও সিপিবির সংসদ অভিমুখী পদযাত্রা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে এসব দলের ৫ শতাধিক নেতা-কর্মী। পৌনে ১টার দিকে মিছিলটি শাহবাগে এলে পুলিশ তাদের আটকে দেয়। ওই সময় পদযাত্রাকারীরা পুলিশকে লক্ষ করে ইট ছুড়লে পুলিশও পাল্টা লাঠিপেটা করে। ইটের আঘাতে আহত হয়েছেন দৈনিক ইত্তেফাকের এক সাংবাদিক। পুলিশি বাধার মুখে পদযাত্রাকারীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে। সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম দলের পক্ষ থেকে আগামী ৬ জুলাই সারাদেশে বিক্ষোভের ঘোষণা দেন। তিনি বলেন, "সংবিধানে এমন কয়েকটি সংশোধনী আনা হয়েছে, যা এরশাদ এবং জিয়াউর রহমানের সংশোধনীকে শুধু বৈধতাই দেবে না, এতে ধর্মভিত্তিক রাজনৈতিক দলও বৈধতা পেয়ে যাবে।" ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে এনে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রাখাটাও একটা বড় প্রহসন বলে আখ্যায়িত করেন তিনি। মহাজোটের সাতটি দল এবং সিপিবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে '৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির আহ্বায়ক কামাল লোহানী বলেন, "আমরা ক্রমশ আমাদের আন্দোলনকে উজ্জ্বীবিত করতে চাই। আমরা আশা করেছিলাম, রাষ্ট্রধর্ম ইসলাম, ধর্মীয় রাজনীতি এবং বিসমিল্লাহ সংবিধানে স্থান পাবে না। এখন এটা ঠেকাতে আমাদের রক্ত দিতে হবে। ধাপে ধাপে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি পালন করবো।" আগামী ৯ জুলাই শহীদ মিনারে জনসমাবেশ, পদযাত্রা এবং বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে যৌথভাবে প্রতিরোধ মিছিল আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। সংসদে পঞ্চদশ সংবিধান সংশোধন বিল পাসের প্রক্রিয়া চলার মধ্যেই এ কর্মসূচি পালন করে আওয়ামী লীগের জোট শরিক সাতটি দল এবং সিপিবি, গণফোরাম ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। তাদের কর্মসূচি শেষের কয়েক ঘণ্টার মধ্যেই সংবিধান সংশোধন সংসদে পাস হয়। কর্মসূচিতে অংশ নেওয়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাজোটের শরিক দলগুলো হলো- ওয়ার্কার্স পার্টি, জাসদ, সাম্যবাদী দল, ন্যাপ, গণতন্ত্রী পার্টি, গণতান্ত্রিক মজদুর পার্টি ও গণ আজাদী লীগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/আরএ/এমআই/১৬৪৪ ঘ.