রংপুর, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউপি নির্বাচনে এক প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় পরাজিত প্রার্থীর সমর্থকরা রংপুরের গঙ্গাচড়া উপজেলা ভাইস চেয়ারম্যানকে তিনঘণ্টা আটকে রেখে মারধর করেছে।
বুধবার উপজেলার বড়বিল ইউনিয়নের বকশীবাজারে এ পিটুনির শিকার হন খায়রুল আলম বাবু।
পরে বিজিপি ও দাঙ্গা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
এলাকাবাসীর বরাত দিয়ে গঙ্গাচড়া থানার ওসি এবিএম জাহিদুল হক বলেন, মঙ্গলবার এই উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। বড়বিল ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন নুরুন্নবী কাজল। পরাজিত হন মোকলেছুর রহমান বকশী।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খায়রুল আলম বাবু জয়ী প্রার্থী কাজলের পক্ষে কাজ করেন বলে অভিযোগ করছেন পরাজিত প্রার্থী বকশী ও তার সমর্থকরা।
এর জেরে সকাল ৯টার দিকে বাবু তার বাড়ি থেকে বের হয়ে পাশের মনিরামপুর গ্রামে গেলে বকশীর কয়েকশ' সমর্থক বাবুকে মারধর করে কাপড়চোপড় খুলে আটকে রাখে।
তিনি বলেন, প্রথমে গঙ্গাচড়া থানা পুলিশ গিয়ে বাবুকে উদ্ধার করতে পারেনি। পরে দুপুর পৌনে ১২টার দিকে বিজিবি ও রংপুর থেকে দাঙ্গা পুলিশ বকশীবাজার গিয়ে বাবুকে উদ্ধার করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান খায়রুল আলম বাবু বলেন, পরিকল্পিতভাবে তাকে আটক করে নির্যাতন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৮ ঘ.
bdnews24