২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিকশা-ভ্যান ধর্মঘট প্রত্যাহার

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে ৩ ও ৪ জুলাইয়ের ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ রিকশা-ভ্যান মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 12:13 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে ৩ ও ৪ জুলাইয়ের ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ রিকশা-ভ্যান মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ। বুধবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে মন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে দেখা করার পর পরিষদের সভাপতি আর এ জামান সাংবাদিকদের বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবি বিবেচনা করে একটি সিদ্ধান্ত দেবেন। এই আশ্বাসে আমাদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।" মতিঝিল, দৈনিক বাংলা, আগারগাঁও শিশু মেলা, মৌচাক, নিলক্ষেত, আরামবাগ মোড় ও নগর ভবনের সামনের রাস্তাসহ বিভিন্ন সড়কে রিকশা চলাচল বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার এবং ভিআইপি সড়কে বাইলেন তৈরি করে রিকশা চলাচলের ব্যবস্থা করাসহ ৭ দফা দাবিতে গত ২ জুন এই ধর্মঘটের ডাক দিয়েছিল সংগঠনটি। গত ৩ মাসে ঢাকার প্রায় ৩৩টি রুটে রিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চালকদের আয় কমেছে উল্লেখ করে সংগ্রাম পরিষদের সদস্য সচিব মো. ইনসুর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একের পর এক রাস্তায় রিকশা চলাচল বন্ধ হয়ে গেলে চালক ও মালিকরা বেকার হয়ে পড়বে। পরিষদের অন্য দাবিগুলো হলো- ঢাকা সিটি কর্পোরেশনের জাল প্লেটসহ বিভিন্ন সংগঠনের দেওয়া পরিচয়পত্র ব্যবহারকারী অবৈধ রিকশা আটক করা, রিকশার টায়ারে ট্রাফিক পুলিশের 'সুই মারা' বন্ধ করা ও প্রতিবছর মালিকানা লাইসেন্স নবায়ন করা, রিকশা নিয়ন্ত্রণে প্রশাসন ও মালিক-শ্রমিক সমন্বয়ে কমিটি গঠন, ৪৩ হাজার নতুন লাইসেন্স দেওয়া এবং রিকশা মিস্ত্রীদের সিটি কর্পোরেশন কল্যাণ তহবিল থেকে অনুদান দেওয়ার ব্যবস্থা করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৮১১ ঘ.