নারায়ণগঞ্জ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহরণ হওয়া চার বছরের শিশু জিহাদের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে সোনারগাঁওয়ের কুতুবপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে র্যাব। এ সময় জিহাদের মা ও স্বজনদের কান্নায় নদী তীরে শোকাবহ পরিবেশ তৈরি হয়।
র্যাব-১১ এর নারায়ণগঞ্জ কার্যালয়ের অধিনায়ক লেফটেনেন্ট মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৯টায় লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, গত রোববার সন্ধ্যায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকা থেকে সিঙ্গাপুর প্রবাসী আক্তার হোসেনের ছেলে জিহাদকে অপহরণ করা হয়। পরে মোবাইল ফোনে জিহাদের মা মাসুদা আক্তারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
মাসুদা আক্তার বিষয়টি র্যাবকে জানায়। মঙ্গলবার সকালে মুক্তিপণের টাকা নিতে এলে নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকা থেকে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এক মহিলাসহ মোট ছয় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা জানায়, জিহাদ অপহরণকারীদের চিনে ফেলায় তাকে ঘুমের ওষুধ খাইয়ে সোমবার সন্ধ্যায় অচেতন অবস্থায় কাঁচপুর সেতু থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়।
মঙ্গলবার রাতে অপহৃতার মা মাসুদা আক্তার গ্রেপ্তারকৃত ছয় জনকে আসামি করে ফতুল্লা থানায় একটি অপহরণ মামলা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি আইনুল হক জানান, গ্রেপ্তারকৃত ছয় আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসবাদের জন্য আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান, যেহেতু লাশ উদ্ধার হয়েছে তাই অপহরণের মামলাটিতে হত্যা মামলা যুক্ত করার জন্য আদালতে আবেদন জানানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৫২ ঘ.
bdnews24