সিলেট, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেটের জকিগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে সিলেট-জকিগঞ্জ-আটগ্রাম সড়কের পলাশপুরে এ দুর্ঘটনায় নিহত ইজা বেগম (১২) উপজেলার নান্দিশ্রী গ্রামের আবুল কালামের মেয়ে।
সে মনছুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।
জকিগঞ্জ থানার ওসি কানন কুমার দেবনাথ জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ইজার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24