মাদারীপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে পদ্মা নদীর হাজরা পয়েন্টের কাছে দুটি ফেরির মুখোমুখি সংঘর্ষে একটির তলা ফেটে পানি ঢুকতে শুরু করে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এই সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত ফেরিতে থাকা ১৫টি বাস ও যাত্রীরা চরম ঝুঁকির মধ্যে পড়ে যায়। দ্রুত ফেরিটিকে নিরাপদে ঘাটে নিয়ে ভেড়ানো হয়। যাত্রীসহ সকলেই হাফ ছেড়ে বাঁচেন।
মাওয়া ঘাটের মহাব্যবস্থাপক (বাণিজ্য) সিরাজুল হক বলেন, হাজরা পয়েন্টের কাছে কপোতী ও টাপলো ফেরি দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে টাপলোর তলার কিছু অংশ ফেটে পানি ঢুকতে থাকলে যাত্রীরা আহাজারি শুরু করে।
তিনি বলেন, উদ্ধারকারী একটি ফেরিকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ওদিকে টাপলোর গতি বাড়িয়ে দিয়ে মাওয়া ঘাটের দিকে নিয়ে আসা হয়। রাত সাড়ে ৯টার দিকে টাপলো নিরাপদে মাওয়া ঘাটে ভিড়তে সক্ষম হয়।
টাপলোয় থাকা যাত্রী মোস্তাফিজুর রহমান সুমন রাত সাড়ে ৮টার দিকে মোবাইল টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এই মাঝ নদীতে আমাদের উদ্ধার করতে কোন উদ্ধারকারী ফেরি এসে পৌঁছেনি।
টাপলো ঘাটে পৌঁছার পর মোস্তাফিজুর রহমান আবার টেলিফোনে বলেন, আতঙ্কের অবসান ঘটেছে। আমরা সবাই নিরপদে তীরে পৌঁছেছি।
সিরাজুল হক বলেন, ফেরি থেকে যাত্রীরা নেমে গেছে। বাসগুলোও নামানো হচ্ছে। মেরামতের জন্য টাপলোকে মাওয়া ডকইয়ার্ডে নিয়ে যাওয়া হবে।
কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক শাহনেওয়াজ চৌধুরী বলেন, কপোতি ফেরিটিও নিরাপদে কাওড়াকান্দি ঘাটে ভিড়েছে। সংঘর্ষে এর কোন ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা নির্ণয় করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২০৭ ঘ.
bdnews24