২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো টাকা সাদা হবে পুঁজিবাজারেও

বিভিন্ন মহলের 'দাবির' মুখে শেষ পর্যন্ত পুঁজিবাজারেও 'কালো' টাকা 'সাদা' করার সুযোগ দেওয়া হচ্ছে। রাপ্তানি আয় ও ভবন নিবন্ধনের ক্ষেত্রে উৎসে আয়কর কাটার হার বাড়ানো হলেও আগের প্রস্তাব থেকে বেশ খানিকটা পিছিয়ে এসেছেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন মহলের 'দাবির' মুখে শেষ পর্যন্ত পুঁজিবাজারেও 'কালো' টাকা 'সাদা' করার সুযোগ দেওয়া হচ্ছে। রাপ্তানি আয় ও ভবন নিবন্ধনের ক্ষেত্রে উৎসে আয়কর কাটার হার বাড়ানো হলেও আগের প্রস্তাব থেকে বেশ খানিকটা পিছিয়ে এসেছেন অর্থমন্ত্রী। মঙ্গলবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, বিভিন্ন মহলের দাবির কারণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপারিশে শেয়ার বাজারেও ১০ শতাংশ হারে কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হবে। নতুন অর্থবছরে রপ্তানি আয়ের ক্ষেত্রে তৈরি পোশাক খাতে শূন্য দশমিক ৬ এবং অন্যান্য খাতে শূন্য দশমিক ৭ শতাংশ হারে উৎসে কর কাটা হবে। আগের প্রস্তাব অনুযায়ী সঞ্চয়পত্রের সুদের ওপর করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এছাড়া ভবনের নির্মাণের ক্ষেত্রে আবাসন নির্মাতাদের কাছ থেকে এলাকাভেদে ৮ হাজার, ৬ হাজার ও ২ হাজার টাকা হারে উৎসে কর কাটা হবে। পোল্ট্রি খাত ২০১৩ সাল পর্যন্ত কর অব্যাহতি পাবে এবং জাহাজ ভাঙা শিল্পের ওপর কোনো কর আরোপ করা হবে না। প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতেই মঙ্গলবার জাতীয় সংসদে অর্থবিল-২০১১ পাস হয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারের এই অর্থবিল উপস্থাপন করলে সংসদ তা কণ্ঠভোটে পাস করে। এই বিলের ওপর আনা জনমত যাচাই প্রস্তাবগুলো নাকচ করা হয়। তবে বেশ কিছু প্রয়োজনীয় সংশোধনী গ্রহণ করা হয়। মঞ্জুরি দাবি-২০১১ বুধবার সংসদে অনুমোদনের জন্য তোলা হবে। পুঁজিবাজারে 'অপ্রদর্শিত আয়' বিনিয়োগ মঙ্গলবার বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেন, "শেয়ার বাজারেও ১০ শতাংশ হারে কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার যাতে সুযোগ দেওয়া হয়, সেজন্য আমি অর্থমন্ত্রীকে অনুরোধ করছি।" একইসঙ্গে রপ্তানি আয়ের ওপর ১ দশমিক ৫ শতাংশ হারে উৎসে কর কাটার যে প্রস্তাব করা হয়েছে, তা কমিয়ে তৈরি পোশাক খাতের ক্ষেত্রে শূন্য দশমিক ৬ এবং অন্যান্য খাতে শূন্য দশমিক ৭ শতাংশ করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। এরপর অর্থমন্ত্রী মুহিত বক্তব্য দিতে শুরু করেন। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, "অপ্রর্দশিত আয় বিনিয়োগের সুযোগ দিলেও খুব বেশি সাড়া পাওয়া যায় না। তারপরও বিভিন্ন মহলের দাবির কারণে এবং পরিস্থিতির বিবেচনায় প্রধানমন্ত্রীর সুপারিশ গ্রহণ করা হবে।" তিনি জানান, গত অর্থবছরে এই সুযোগ নিয়ে মোট ৯৩৩ কোটি কালো টাকা সাদা হয়েছে। সরকার এ থেকে কর হিসেবে পেয়েছে ১২১ কোটি টাকা। বর্তমান সরকারের প্রথম বাজেটে (২০০৯-১০) মুহিত পুঁজিবাজারসহ চারটি খাতে কালো টাকা সাদা করার সুযোগ রাখেন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে প্রায় ৪২৩ কোটি 'কালো' টাকা পুঁজিবাজারে খাটানো হয়। চলতি অর্থবছরে এ সুযোগ ছিল না। গত ৯ জুন ঘোষিত আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবে সরকারি ট্রেজারি বন্ডে ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখার কথা বলেন অর্থমন্ত্রী। পুঁজিবাজারেও এ সুযোগ দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে সরকারের কাছে সুপারিশ করা হয়। দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা গত রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ বিষয়ে অনুরোধ করলে প্রধানমন্ত্রী তা বিবেচনার আশ্বাস দেন। অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও পুঁজিবাজারে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ রাখার সুপারিশ করে। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ব্যখ্যা করতে গিয়ে মুহিত মঙ্গলবার সংসদে বলেন, বাজারের সূচক (ডিএসই) এখন ৫ হাজার থেকে ৬ হাজার পয়েন্টের মধ্যে ওঠানামা করছে। শেয়ার বাজারের সমস্যা সমাধানের জন্য সরকার বাজারের দুর্নীতি ও অনিয়ম দূর করে পরিচালন ও নিয়ন্ত্রণ কাঠামোকে (ডিমিউচুয়ালাইজেশন) আলাদা করবে। কর হার গত ৯ জুন সংসদে উত্থাপিত বাজেট প্রস্তাবে সব ধরনের পণ্য রপ্তানিতে উৎসে করের হার চলতি অর্থবছরের শূন্য দশমিক ৪ ও শূন্য দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করেছিলেন মুহিত। তবে মঙ্গলবার প্রধানমন্ত্রীর অনুরোধের পর তিনি জানান, ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরে রপ্তানি আয়ের ক্ষেত্রে তৈরি পোশাক খাতে শূন্য দশমিক ৬ এবং অন্যান্য খাতে শূন্য দশমিক ৭ শতাংশ হারে উৎসে কর কাটা হবে। মুহিতের আগের প্রস্তাব অনুযায়ী ২০১১-১২ অর্থবছরে সঞ্চয়পত্রের সুদের ওপর উৎসে করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। তবে সুদ হার আগের মতোই ১০ দশমিক ২ থেকে ১১ দশমিক ৫২ শতাংশের মধ্যে থাকছে। সরকারি কর্মচারীদেরও এখন থেকে আয়কর দিতে হবে এবং নতুন অর্থবছরে তা উৎসে কর হিসেবে কেটে রাখা হবে। ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা ১ লাখ ৬৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৮০ হাজার টাকা করার কথা অর্থমন্ত্রী তার বাজেট প্রস্তাবেই উল্লেখ করেছিলেন। ভবনের নির্মাণের ক্ষেত্রে আবাসন নির্মাতাদের উৎসে আয়কর কাটার হার এলাকাভেদে ৮ হাজার, ৬ হাজার ও ২ হাজার টাকা নির্ধারণের একটি প্রস্তাবও অর্থমন্ত্রী গ্রহণ করেছেন। এর আগে ভবন নিবন্ধনের জন্য উৎসে করের হার এলাকা ভেদে ২ হাজার, ২ হাজার ও ৮০০ টাকা থেকে বাড়িয়ে যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছিলেন তিনি। অর্থমন্ত্রী জানান, পোল্ট্রি খাত ২০১৩ সাল পর্যন্ত কর অব্যাহতির সুযোগ পাবে। এছাড়া হাঁস-মুরগির খাবারের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নেবে। জাহাজ ভাঙা শিল্পের ওপর কোনো কর আরোপ করা হচ্ছে না বলেও মুহিত জানান। সিগারেট কোম্পানিগুলোকে ৪২ দশমিক ৫ শতাংশ হারে কর দিতে হবে। তবে তালিকাভুক্ত সিগারেট কোম্পানির ক্ষেত্রে করের হার হবে ৩৫ শতাংশ। 'সামনে কঠিন বছর' অর্থমন্ত্রী মুহিত মনে করেন, আগামী অর্থবছর হবে খুবই কঠিন। আর সামনের দিনগুলোতে মূল্যস্ফীতি মেকাবেলা করা হবে একটি বড় চ্যালেঞ্জ। "আমরা যখন সরকারের দায়িত্ব নিয়েছিলাম, তখন প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ছিল ৫৯ ডলার। এখন সেই দাম ১২০ ডলারে পৌঁছেছে। বাজারের অন্য সব পণ্যের ওপর এর প্রভাব পড়েছে।" মুহিত বলেন, আন্তর্জাতিক বাজারের এই পরিস্থিতি সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে গরিব মানুষের কষ্ট কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আসন্ন অর্থবছর রজস্ব আয় বাড়বে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। নতুন অর্থবছরের বাজেটে ১.১৮ ট্রিলিয়ন টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমএইচসি/জেকে/০০১৭ ঘ.