গাজীপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের অভিযোগে গাজীপুরে ৪টি পোশাক কারখানাকে ১ কোটি ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার গাজীপুরে কালিয়াকৈর উপজেলার কয়েকটি স্থানে পরিবেশ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়।
কারাখানাগুলো হলো সাদমা ফ্যাশনওয়্যার, সুরিচালা টেক্সটাইল লিমিটেড, গোমতি টেক্সটাইল এন্ড ডাইং এবং সাদাত কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ।
পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ৪টি কারখানার কোনোটিরই পরিবেশ ছাড়পত্র নেই। এর মধ্যে সাদমা ফ্যাশনওয়্যার ২০০৮ সাল থেকে, সুরিচালা টেক্সটাইল ২০০৮ সাল থেকে, গোমতি টেক্সটাইল ২০০৭ থেকে এবং সাদাত কম্পোজিট ২০০৬ সাল থেকে বেআইনিভাবে উৎপাদন কাজ চালাচ্ছে।
এসব কারখানার ইটিপি পরীক্ষা করে দেখা যায়, এগুলোর সবকটিই অকার্যকর কিংবা ত্র"টিপূর্ণ।
পরিবেশ অধিদপ্তরের দলটি এসব কারখানা ছাড়াও স্থানীয় খাল পরিদর্শন করে এবং বর্জ্য পানির নমুনা সংগ্রহ করে।
পরিবেশ দলের অভিযানে চারটি কারখানায় রাসায়নিক মিশ্রিত দূষিত তরল ও বর্জ্য নির্গমনের প্রমান পাওয়া যায়।
কারখানাগুলোকে তিন মাসের মধ্যে ইটিপি স্থাপন করে দুষণ বন্ধ করার সময়সীমা বেধে দেয়া হয়েছে।
এই অভিযানে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানের মালিকরা পরিবেশ দূষণের অপরাধ স্বীকার করেন এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৩৬ ঘ.
bdnews24