ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতেই চার দলীয় জোট সরকারের মন্ত্রী ও গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের আসামি করা হয়েছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
মঙ্গলবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন।
তিনি বলেন, "১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত যাতে সুষ্ঠু না হয় সেজন্য দীর্ঘদিন পর নতুন করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এই অভিযোগপত্রে মতিউর রহমান নিজামী সাহেব, লুৎফুজ্জামান বাবারসহ গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের আসামি করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে সরকার এটা করছে।''
জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধানসহ নতুন ১১ জনের নাম আসামির তালিকায় যোগ করে গত ২৬ জুন ১০ ট্রাক অস্ত্র মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করেছে সিআইডি।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়।
ওই ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে মামলা দুটি দায়ের করে। তদন্তের পর তৎকালীন তদন্ত কর্মকর্তা একটি অভিযোগপত্রও আদালতে জমা দেন।
মঙ্গলবার বিকালে ঢাকা মহানগরেরর উদ্যোগে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তেল, গ্যাসের মূল্য বৃদ্ধি ও যানবাহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, "মধ্যবর্তী নির্বাচনের গণদাবিকে আড়াল করতে সরকার সংবিধান সংশোধন করে দেশে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু দেশের মানুষ তাদের এই চালাকি ধরে ফেলেছে।"
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ইলেক্ট্রনিক ভোটিং (ইভিএম) চালু কোনোভাবে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি।
পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল প্রত্যাহারের দাবিও জানান এই বিএনপি নেতা।
এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী (খালেদা) বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি সরকারকে সংবিধান সংশোধনের পথ থেকে সরে আসার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ''পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল- ২০১১ সংসদে উত্থাপনের পর দুই সপ্তাহের জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিলো। তিনদিন না যেতেই তড়িঘড়ি করে কমিটি আজ (মঙ্গলবার) সংসদে প্রতিবেদন দেবে বলে জানা গেছে। '৭৪ সালেও মাত্র ৭ মিনিটে একদলীয় সংসদে চতুর্থ সংশোধনী পাস করেছিলো আওয়ামী লীগ। কিন্তু টিকে থাকতে পারেনি তারা।''
পঞ্চদশ সংবিধান সংশোধন বিল পর্যালোচনা শেষ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার প্রতিবেদন সংসদে তোলা হবে বলে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত জানিয়েছেন।
কমিটির বৈঠকের পর দুপুরে সংসদ ভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, উত্থাপিত বিলে দুটি দফা যুক্ত এবং ইসি গঠনের বিষয়ে সংশোধনী প্রস্তাব এনে প্রতিবেদন চূড়ান্ত করেছে কমিটি।
গত শনিবার সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ বিল সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্থায়ী কমিটিকে দুই সপ্তাহ সময় দেওয়া হলেও তারা তিন দিনেই কাজ শেষ করেছে।
সংবিধান সংশোধনের নামে সরকার নানা 'প্রতারণার' আশ্রয় নিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
মহানগর বিএনপির আহবায়ক ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল রহমান পটল, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আ ন হ আখতার হুসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সভা পরিচালনা করেন মহানগর সদস্য সচিব আবদুস সালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৫২ ঘ.
bdnews24