২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়াগনস্টিক সেন্টারগুলোর 'কমিশন বাণিজ্য' বন্ধের দাবি

রোগ র্নিণয়ে পরীক্ষার নামে দেশের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে 'কমিশন বাণিজ্য' থেকে পরিত্রাণে সরকারের কাছে দাবি জানিয়েছেন প্যাথলজিস্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 01:20 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোগ র্নিণয়ে পরীক্ষার নামে দেশের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে 'কমিশন বাণিজ্য' থেকে পরিত্রাণে সরকারের কাছে দাবি জানিয়েছেন প্যাথলজিস্টরা। মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ সোসাইটি অব প্যাথলজিস্টের (বিএসপি) ২৯তম জাতীয় সম্মেলনে রোগ পরীক্ষার ক্ষেত্রে সব ডায়াগনস্টিক সেন্টারে সমন্বিত হার নির্ধারণেরও দাবি এসেছে। স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক সম্মেলন উদ্বোধন করেন। সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর মো. শামিউল ইসলাম সাদি বলেন, "কমিশনের বিনিময়ে রোগ পরীক্ষার ব্যবস্থাপত্র দেওয়া অনৈতিক। সর্বোপরি এর চাপ পড়ে দরিদ্র রোগীদের ওপর।" এ থেকে উত্তরণে শিগগির ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান তিনি। শামিউল বলেন, কমিশন বাণিজ্য বন্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে রোগ পরীক্ষার ব্যবস্থাপত্রের বিনিময়ে চিকিৎসকরা নির্ধারিত হারে মাসোয়ারা পাচ্ছেন- এটি সবাই জানে। "নগরীর নামমাত্র ডায়াগনস্টিক সেন্টারগুলো বেশি বেশি রোগী পেতে চিকিৎসকদের অতিরিক্ত মাত্রায় মাসোয়ারা দিচ্ছে। সেন্টারগুলোর র‌্যাঙ্কিং করা হলে মানুষ ভালো-খারাপ সহজেই বুঝতে পারবে।" কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ বা সমন্বিত ফি না থাকায় একই রোগের পরীক্ষার জন্য বিভিন্ন সেন্টারে বিভিন্ন হারে অর্থ গুণতে হচ্ছে বলেও জানান তিনি। বেসরকারি রোগ ডায়াগনস্টিক সেন্টারে রকমভেদে পেটের আলট্রাসনোগ্রামের জন্য ছয়শ' থেকে ১২শ' টাকা পর্যন্ত ফি দিতে হয়। এছাড়া রক্তের সুগার পরীক্ষার জন্য দিতে হয় দেড়শ' থেকে আড়াইশ' টাকা, যা ৩০ টাকা হওয়া উচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/পিডি/১৯১৬ ঘ.