ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইস্কাটনে বাসায় ডাকাতির ঘটনায় জড়িত চার ডাকাতকে আগ্নেয়াস্ত্র ও লুন্ঠিত স্বর্ণসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো.আবু হানিফ (৩৮), মো. পলাশ (২৪), মো. মিলন মালিক (২৭) ও আবু তাহের (৪৫)।
মঙ্গলবার ভোরে রাজধানীর কাঁঠালবাগান ও কারওয়াান বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের কাছ থেকে একটি রিভলবার, দুটি চাপাতি, একটি পেট্রোল বোমা ও ৩৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
১৯ জুন ইস্কাটনের ইস্টার্ন টাওয়ারে ইকরামুল কদরের ফ্ল্যাটে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সোয়া কোটি টাকার মালামাল নিয়ে যায় ডাকাত দল। এরপর ডাকাতের খোঁজে পুলিশ পুরো কমপ্লেক্সের দেড়শ ফ্ল্যাটে তল্লাশি চালায়।
এদিকে, ২৪ জুন গুলশানের ইকবাল সেন্টারের নিউ হীরা জুয়েলার্সের ডাকাতির কোনো মালামালও এখনো উদ্ধার হয়নি।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাতজন নিরাপত্তাকর্মী ও দোকান কর্মচারীকে গ্রেপ্তার করে তিন দিনের পুলিশ হেফাজতে আনা হয়েছে।
"তবে তাদের কাছ থেকে তেমন কিছু জানা যায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/পিডি/১৭৫২ ঘ.
bdnews24