মৌলভীবাজার, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের সদর উপজেলার একাটুনা ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিন চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত ৮টার দিকে এই তিন চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
তিন চেয়ারম্যান প্রার্থী হলেন- আবু সুফিয়ান, কটু মিয়া ও নুরুল ইসলাম।
মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচনে ভোটগ্রহণ হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ সাংবাদিকদের জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একাটুনা ইউনিয়নের বিভিন্ন বাড়ি ও রাস্তার পাশে ওই তিন চেয়ারম্যান প্রার্থীর পোস্টার সাটানো হয়।
এই অভিযোগে তিন প্রার্থীকে ৬ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭০৮ ঘ.
bdnews24