ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণা ও আত্মসাতের অভিযোগে রাজধানীর সূত্রাপুর থানার ওসি মো. নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দায়ের করা এ মামলায় একই থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল ইসলামকেও আসামি করা হয়েছে।
সূত্রাপুরের ১ নম্বর মোহিনী মোহন দাস লেনের ব্যবসায়ী মো. রিয়াজ উদ্দিন মামলাটি করেন।
মহানগর হাকিম কামরুন্নাহার রুমী বাদির বক্তব্য শুনে মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর পুলিশের ওয়ারী অঞ্চলের উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন।
মামলায় বলা হয়, সম্পত্তি নিয়ে বাদির সঙ্গে তার সৎ ভাই-বোন এবং সহোদর ভাইদের দ্বন্দ্বের কারণে দুই পক্ষের মধ্যে মামলা হয়। আসামিরা সৎ ভাই-বোনদের পক্ষ নিয়ে গত ২০ এপ্রিল বাদি ও তার স্ত্রীর কাছে ঘুষ দাবি করেন। এ টাকা না দিলে আসামিরা হুমকি দেন এবং অশোভন আচরণ করেন।
মামলায় আরো বলা হয়, পরে বাদিকে থানা হাজতে নিয়ে বাদির স্ত্রীর কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন রেখে দেন। যার আনুমানিক মূল্য এক লাখ ৭০ হাজার টাকা।
৩০ মে ওই থানায় স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ফেরত চাইতে গেলে ভয় দেখিয়ে থানা বাদির স্ত্রীকে বের করে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৯১৫ ঘ.
bdnews24