বরগুনা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব শত্র"তার জের ধরে বরগুনার বেতাগি বিচারিক হাকিম আদালত চত্বরে ঢাকার এক আইনজীবীকে পিটিয়েছে প্রতিপক্ষের আইনজীবীরা।
আহত ওই আইনজীবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য এড. আবদুস সালাম (৪৫) ওই আদালতে একটি মামলায় হাজিরা দিতে গেলে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
আইনজীবী আবদুস সালাম হাসপাতালে সাংবাদিকদের জানান, বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য জিয়াউদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে বিরোধ চলছে। দুজনের বাড়িই পাথরঘাটা উপজেলার মঠেরখালী গ্রামে।
সালাম অভিযোগ করে বলেন, জিয়াউদ্দিন তার বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা দিয়েছে। সর্বশেষ আমতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সোবাহানপাড়া গ্রামের ফুল মিয়া হাওলাদারের ছেলে নুরুল আমিন কালনকে দিয়ে আরেকটি মামলা করা হয়। যদিও এ নামে কোনো লোক বাস্তবে নেই।
এ মামলার শুনানী শেষে বের হবার সময় আদালত চত্ত্বরে জিয়াউদ্দিনের স্ত্রী অ্যাডভোকেট মনোয়ারা আক্তার তাকে প্রথমে চড়-থাপ্পর শুরু করেন। পরবর্তীতে জিয়াউদ্দিন ও তার সহকারী আইনজীবী জামাল হোসেন মিলে তাকে কিল-ঘুষি ও জুতাপেটা করেন বলে জানান সালাম।
আহতাবস্থায় তিনি মানবাধিকার কর্মীদের শরণাপন্ন হন। পরে মানবাধিকার কর্মীরা তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
অ্যাডভোকেট জিয়াউদ্দিন মারধর করার কথা স্বীকার করে জানান, সালাম তার স্ত্রী মনোয়ারা আক্তারকে কটুক্তি করায় তাকে মারধর করা হয়েছে।
বড়বগী ইউনিয়নের চেয়ারম্যান দুলাল ফরাজী জানান, নুরুল আমিন কালন নামে সোবাহানপাড়া গ্রামে কোনো লোক নেই।
বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শিকদার জানান, আদালত চত্ত্বরে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা লজ্জিত। আইনজীবীরা বসে ঘটনার সুষ্ঠু সমাধানের চেষ্টা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৬২৩ ঘ.
bdnews24