২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মাগুরা ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 08:56 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

মাগুরা/বাগেরহাট, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। সোমবার সকালে মাগুরায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও ৩০ জন আহত হয়। বাগেরহাটে বাস চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়। মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মিলি বেগম (৩৫) ঢাকার মিরপুরের এবং বাদল বিশ্বাস (৪০) চুয়াডাঙ্গা জেলার দর্শনার বাসিন্দা। হাসপাতালে চিকিৎসাধীন আহত বাসযাত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, ঢাকাগামী উত্তরা পরিবহনের যাত্রীবাহী বাসটি একটি টেম্পুকে পাশ কাটাতে চাইলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন জানান, আহতদের হাসপাতালে নেওয়া হলে মিলি ও বাদল মারা যান। ওদিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাসের চাপায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার মংলা-খুলনা সড়কে যুগীখালী সেতুর উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত আমিনুল ইসলাম সুমন (২১) খুলনার আজম খান কমার্স কলেজের হিসাবরক্ষণ বিভাগের (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের খাজুরা গ্রামের শেখ আব্দুল কাদেরের ছেলে। বাগেরহাট মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মহম্মদ সাংবাদিকদের জানান, সুমন সাইকেলে চড়ে উপজেলার কাটাখালি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। যুগীখালী সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা একটি বাস সাইকেলটিকে চাপা দিলে সুমন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সুমন মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৪৫ ঘ.