২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উড়াল সড়ক প্রকল্প বিল সংসদে পাস

উড়াল সেতু নির্মাণে জমি অধিগ্রহণের জটিলতা এড়াতে 'ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) বিল-২০১১' সংসদে পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 06:51 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উড়াল সেতু নির্মাণে জমি অধিগ্রহণের জটিলতা এড়াতে 'ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) বিল-২০১১' সংসদে পাস হয়েছে। জাতীয় সংসদের সোমবারের অধিবেশনের শুরুতেই ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা বিলটি পাসের জন্য উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়ে যায়। এ আইনটি চলতি বছরের ১২ মে থেকে কার্যকর হবে। মূলত, ঢাকার উড়াল সেতু নির্মাণের জন্য অধিগ্রহণ করা ভূমিতে কেউ যেন অধিক লাভের আশায় স্থাপনা নির্মাণ করে সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে না পারে- সে জন্যই এ আইনটি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত এপ্রিল ৩০ দেশের প্রথম এ উড়াল সড়কের কাজ উদ্বোধন করেন। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় এ উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণে ইতালি ও থাইল্যান্ডের যৌথ মালিকানার কোম্পানি ইতাল-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানির সঙ্গে গত ১৯ জানুয়ারি চুক্তি করে সরকার। কাজ শুরু সাড়ে তিন বছরের মধ্যে এর নির্মাণ শেষ করার কথা। প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ এ উড়াল সড়ক শাহজালাল বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, সাত রাস্তা, মগবাজার, কমলাপুর, খিলগাঁও, গোলাপবাগ হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত হবে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, উড়াল সেতুর জন্য নির্বাচিত এলাকায় অবৈধ লাভের আশায় নতুন স্থাপনা নির্মানের প্রবণতা দেখা যাচ্ছে। জনগণের কিছু অংশের মধ্যে এ ধরনের অসাধু প্রচেষ্টা আইনের মাধ্যমে রোধ করা সম্ভব না হলে প্রকল্পের ভূমি হুকুম দখল বা অধিগ্রহণের জন্য বিপুল অর্থ ব্যয় করতে হবে। বিলটি গত ২২ জুন সংসদে উত্থাপন করা হয়। বিলে বলা হয়েছে, অধিগ্রহণ করা ভূমির যে ভিডিওচিত্র গ্রহণ ও সংরক্ষণ করা হয়েছে, তাই এ আইনের উদ্দেশ্য পূরণে গৃহীত ও সংরক্ষিত বলে গণ্য হবে। এ ভিডিওচিত্রের ভিত্তিতেই ওই ভূমির ক্ষতিপূরণ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিলে আরো বলা হয়েছে, কারো ভূমি অধিগ্রহণ করা হলে কেউ যদি আপিল করে এবং সে আপিল যদি নামঞ্জুর করা হয়- তা হলে ২৪ ঘণ্টার মধ্যে আপিলকারীর ঘর-বাড়ি বা স্থাপনা নিজ দায়িত্বে ও খরচে সরিয়ে নিতে হবে। ভূমিমন্ত্রী সংসদে জানান, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল অধ্যাদেশ-১৯৮২, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ বিধিমালা-১৯৮২ ও স্থাবর সম্পত্তি হুকুম দখল বিধিমালা-১৯৮২ তে এই প্রবণতা রোধ করার বিধান না থাকায় নতুন আইন পাশ করা প্রয়োজন। ভূমি হুকুম দখলের জন্য বিশেষ ভূমি অধিগ্রহণ আইন প্রণয়ন আবশ্যক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২৪০ ঘ.