ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াতে ইসলামীর পথ ধরে বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপিও নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে যাচ্ছে না।
সোমবার বিকালে দলটির সঙ্গে সংলাপসূচি নির্ধারিত থাকলেও তাতে না যাওয়ার কথা চিঠিতে ইসিকে জানিয়েছে দলটি।
বিজেপির মহাসচিব শফিক আল মামুন ইসি সচিব মোহাম্মদ সাদিকের কাছে পাঠানো চিঠিতে বলেন, যেহেতু চারদলীয় জোট সংলাপে অংশ নিচ্ছে না, সেহেতু বিজেপিও তাতে অংশ নেবে না।
চারদলীয় জোটের প্রধান দল বিএনপিকে ইসি দুই দফা আমন্ত্রণ জানালেও তারা যায়নি। অংশ নেয়নি জামায়াতে ইসলামীও।
ইসির জনসংযোগ কর্মকর্তা এসএম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সঙ্গে নির্ধারিত সংলাপ বিকালে হবে।
গত ৭ জুন থেকে পাঁচটি বিষয়ে নিবন্ধিত রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনের সঙ্গে মত বিনিময় শুরু করে। ১৮ জুলাই পর্যন্ত এ সূচি নির্ধারিত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১২০০ ঘ.
bdnews24