নীলফামারী, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে একটি কেন্দ্রে জনতা-পুলিশ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।
এলাকাবাসী বলছে কেন্দ্রে ফল ঘোষণা না করে কর্মকর্তারা ব্যালট বাক্স উপজেলা সদরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা কেন্দ্র ঘেরাও করে।
অপরদিকে প্রশাসন বলছে পরাজিত হওয়ার আশঙ্কায় এক প্রার্থীর সমর্থকরা ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা করেছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৈমারী ইউনিয়নের মৌয়ামারী রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষ হয়।
এ সময় দুইটি গাড়ি ভাংচুর হয়। পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
এ ঘটনায় জলঢাকা থানায় দু'টি মামলা দায়ের করা হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কৈমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী হামিদুল ইসলাম জানান, মৌয়ামারী রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল মান্নান সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফল ঘোষণা না করে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় বিক্ষুব্ধ জনতা ফল ঘোষণার দাবি জানায়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ জনতাকে লক্ষ্য করে রাবার বুলেট, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং লাঠিপেটা করে।
নীলফামারী জেলা প্রশাসক আবদুল মজিদ জানান, ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কোহিনুজ্জামান লিটন পরাজিত হওয়ার আশঙ্কায় তার লোকজনকে দিয়ে ওই কেন্দ্র ঘেরাও করে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এতে কিছু লোকজন আহত হয়।
তিনি আরো বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে থানায় পৃথক দু'টি মামলা দায়ের করা হয়েছে। এতে এলাকার প্রায় ৭০০জনকে আসামি করা হয়।
এছাড়া মৌয়ামারী ডাঙ্গাপাড়ার আজিজুল ইসলাম (৩৮) ও ফজলু মামুদ (৪৭) নামের দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নবনির্বাচিত চেয়ারম্যান কোহিনুজ্জামান লিটন বলেন, "ঘটনার সময় আমি ওই কেন্দ্রে ছিলাম না। এর সঙ্গে আমার কোনো সম্পক্তৃতা নেই। কেন্দ্রে ফলাফল ঘোষণা না করার কারণে পরিস্থিতির অবনতি ঘটে।
আহতরা হলেন- মৌয়ামারী গ্রামের জাহেদুল ইসলাম (৪৫), ফজলে হক (৪৫), আব্দুল খালেক (৪০), হাফিজুল ইসলাম (২৫), হবিবর রহমান (৩৫), ছলিম উদ্দীন (৫০), সাহিদা বেগম (৫০), জসিমা বেগম (৩০), মনিকা বেগম (১০), ছাদেকুল ইসলাম (১৮), সিরাজুল ইসলাম (৫০), সিরাজুল ইসলাম (৩০)। বাকিদের নাম জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৩ ঘ.
bdnews24