২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে: টিআইবি

আগামী জাতীয় নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করতে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার জন্য সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 04:12 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জাতীয় নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করতে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার জন্য সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রোববার টিআইবির এক বিবৃতিতে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল নিয়ে রাজনৈতিক দ্বন্দ্বের সৃষ্টি হওয়ায় টিআইবি উদ্বিগ্ন। সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সুপারিশ অনুসারে 'সংসদে সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১' শনিবার জাতীয় সংসদে উত্থাপন করা হয়। এই বিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি ৫১টি বিষয়ে সংশোধনীর প্রস্তাব করা হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিক জামায়াতে ইসলামী সংবিধান সংশোধনের এই উদ্যোগের বিরোধিতা করে আসছে। এর প্রতিবাদে গত ১২ ও ১৩ জুন টানা ৩৬ ঘণ্টা হরতালও করেছে দল দুটি। টিআইবি বলছে, ২০১৩ সালের জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক এবং সবার কাছে গ্রহণযোগ্য করার স্বার্থে গণতান্ত্রিক চেতনায় এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান অর্জন করতে হবে। পাশাপাশি 'আদিবাসীদের' সাংবিধানিক স্বীকৃতি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে তাদের বিবৃতিতে। রোববার বিকেলে টিআইবির চেয়ারপারসন সুলতানা কামালের সভাপতিত্বে সংস্থার সদস্যদের বার্ষিক সভা হয়। সঞ্চালনায় ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। অন্যদের মধ্যে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান সভায় উপস্থিত ছিলেন বলে বিবৃতিতে জানানো হয়। আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পক্ষে 'বিভিন্ন মহলের তৎপরতায়' টিাআইবির সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন বলেও এতে উল্লেখ করা হয়। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি ট্রেজারি বন্ডে ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রেখেছেন অর্থমন্ত্রী। পুঁজিবাজারেও এ সুযোগ দেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ প্রসঙ্গে টিআইবির বিবৃতিতে বলা হয়, কালো টাকা সাদা করার বিধান নৈতিকভাবে অগ্রহণযোগ্য ও বৈষম্যমূলক। এ ব্যবস্থা রাজস্ব সংগ্রহের বিবেচনায় অর্থহীন এবং সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২২১১ ঘ.