২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে ব্যালট বাক্স ছিনতাই, গ্রেপ্তার ১১

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

নারায়ণগঞ্জ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তাদের হামলায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) অন্তত ২০ জন আহত হয়েছে। রোববার বিকালে পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে এক চেয়ারম্যান পদপ্রার্থীর ভাই ও বোনসহ ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলা চলাকালে আধঘণ্টা ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে প্রশাসন কেন্দ্রটির ভোট বাতিল ঘোষণা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান মাহফুজের বোন ফরিদা ইয়াসমিন ও ছোট ভাই আতাউর রহমান এবং রিয়াদ, সজল, নুরুল আমিন, সম্রাট, সজিব, আনোয়ার, সাইদ রফিক, রফিকুল ইসলাম, মোজাম্মেল। এলাকাবাসী ও কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এএসএম কামরুজ্জামান জানান, বিকাল ৩টার দিকে এক চেয়ারম্যান পদপ্রার্থীর শতাধিক সমর্থক লাটিসোটা নিয়ে মঙ্গলেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালায়। তারা কেন্দ্রের মহিলাদের ৩ নম্বর বুথে ঢুকে দুইটি ব্যালট বাক্স ছিনতাই করে। বাধা দিলে তারা পুলিশের উপরও হামলা করে। এতে সোনারগাঁও থানার এএসআই মোমেন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মাহবুবুর রহমানসহ অন্তত ২০ জন আহত হয়। এ সময় হামলাকারীরা ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় বিকাল পৌনে ৩টা হতে সোয়া ৩টা পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. সামছুর রহমান, পুলিশ সুপার শেখ নাজমুল আলমসহ অতিরিক্ত পুলিশ, র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকাল সাড়ে ৪টায় ইউনিয়নের চর বোয়ালদি গ্রামে একটি ডোবায় ছিনতাই করা একটি ব্যালট বাক্স ভাঙা অবস্থায় উদ্ধার করে পুলিশ। আরো দু'টি ব্যাল বাক্স উদ্ধার করা হয় চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান মাহফুজের বাড়ির পাশে একটি ডোবা থেকে। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানিয়েছেন, মঙ্গলেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে এখানে আবার ভোটগ্রহণ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৭ ঘ.