২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জেলা বিএনপির নতুন সভাপতির গাড়ি বহরে হামলা

বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সদ্য ঘোষিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের গাড়ি বহরে হামলা ও একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 02:02 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

বরিশাল, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সদ্য ঘোষিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের গাড়ি বহরে হামলা ও একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। রোববার বিকেলে সভাপতি আহসান হাবিব কামাল ও সাধারন সম্পাদক বিলকিস আক্তার শিরিন বরিশালে তাদের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহসান হাবিব কামালের সমর্থক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান টিপু অভিযোগ করেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য সরোয়ারপন্থীরা এই হামলা করেছে। তাদের নিক্ষিপ্ত ইটের আঘাতে ৪/৫ জন নেতাকর্মী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সভাপতি ও সাধারন সম্পাদককে ঢাকা-বরিশাল মহাসড়কের ইছলাদি এলাকায় বরন করে নেতাকর্মীরা। তাদের গাড়ি বহর রহমতপুর সেতু এলাকায় পৌঁছলে প্রতিপক্ষ ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। গড়িয়ার পাড় এলাকায়ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। কাশিপুর উচ্চ বিদ্যালয়ের কাছে ইটের আঘাতে কয়েকটি মাইক্রোবাসের কাঁচ ভেঙ্গে যায় ও কয়েকজন আহত হয়। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িবহর দ্রুত চলে যাওয়ার সময় কাশিপুর বাজারের কাছে পিছনে পড়া নম্বরপ্লেট বিহীন একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরে সভাপতি ও সাধারন সম্পাদককে নগরীর বাধ রোডে একটি চাইনিজ রেস্তোরার সামনে সংবর্ধনা দেয়া হয়। পরে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি ফজলুল হক এভিনিউ হয়ে শহীদ মিনারের এসে শেষ হয়। বিমান বন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, গাড়ি বহরে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছিলো কিনা জানি না। তবে গাড়ি বহর নথুল্লাহবাদ অতিক্রম করার মুহুর্তে কাশিপুর বাজারে একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে কারা আগুন দিয়েছে তা সনাক্ত করা সম্ভব হয়নি। অপরদিকে জেলা যুবদল নেতা সাহেদ আকন সম্রাট জানান, সরোয়ারপন্থী নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নির্যাতন প্রতিরোধ দিবস পালনে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৫২ ঘ.