২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর কর ফাঁকি অভিযোগ গঠনের শুনানি ফের পেছালো

কর ফাঁকির অভিযোগে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে। খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর আইনজীবীর সময়ের আবেদনে রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান আগামী ২৮ জুলাই শুনানির নতুন দিন ধার্য করেছেন। কোকোর আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ আদালতে বলেন, এ মামলার বৈধতা নিয়ে উচ্চ আদালতে করা রিট আবেদনের ওপর দেওয়া রুলের আংশিক শুনানি হয়েছে। সুতরাং বাকি ওই শুনানি না হওয়া পর্যন্ত সময় দেওয়া হোক। পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় ছয়টি তারিখ ধার্য করা হলো অভিযোগ গঠনের শুনানির জন্য। কোকোর বিরুদ্ধে অভিযোগ, ২০০২ করবর্ষ থেকে ২০০৭ করবর্ষ পর্যন্ত আয়কর বিবরণীতে ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন তিনি। গত বছরের ১ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের উপ করকমিশনার শাহীন আক্তার হোসেন আদালতে এ মামলা করেছিলেন। মুদ্রা পাচার মামলায় গত বৃহস্পতিবার কোকোকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। বিদেশ অবস্থানরত কোকোর অনুপস্থিতিতেই এ আদেশ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৯৪৫ ঘ.