সাভার, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়া থেকে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে বুড়িবাজার এলাকার একটি বাড়িতে সাজেদা আক্তার তানিয়া (২৮) নামের মেয়েটির লাশ পাওয়া যায়।
নাটোরের সিংড়া উপজেলার পাঁচকাঠিয়ার সাজেদা সাভারের জামগড়া এলাকার শারমিন ফ্যানস লিমিটেডে কাজ করতেন।
তার মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। তার স্বামী পলাতক রয়েছেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়িটির তালাবদ্ধ একটি কক্ষ থেকে পচা দুর্গন্ধ এলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।
পুলিশ তালা ভেঙে লেপ ও কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় সাজেদার অর্ধ গলিত লাশ উদ্ধার করে।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, তিন দিন আগে ঘরে তালা দিয়ে সাজেদার স্বামী আশরাফুল ইসলাম (২৯) চলে যায়। এরপর আর আসেনি।
এ হত্যাকা-ে জড়িত সন্দেহে নিহতের খালাত ভাই রতনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আশরাফুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন পুলিশ কর্মকর্তা।
নিহতের বড় ভাই মো. মিন্টু বলেন, আশরাফুল সকালে তাদের ফোন করে জানিয়েছে সাজেদা বিষপানে আত্মহত্যা করেছে। তিনি এসে লাশ দেখতে পান।
আশরাফুলই তাকে হত্যা করেছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৩১ ঘ.
bdnews24