২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারুকলার শিল্পকলার ইতিহাস বিভাগে তালা

আড়াই বছর ধরে ক্লাস ও পরীক্ষা না হওয়ায় বিভাগীয় চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 10:51 AM

Updated : 24 Aug 2022, 03:25 PM

জুন, ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়াই বছর ধরে ক্লাস ও পরীক্ষা না হওয়ায় বিভাগীয় চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। রোববার সকাল ৮টার দিকে শিক্ষার্থীরা তালা দিয়ে বিভাগের সামনে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা জানিয়েছেন, ২০০৮ সালে তাদের সম্মান কোর্স শেষ হলেও বিভাগীয় চেয়ারম্যানের উদাসীনতার কারণে এ সময় পর্যন্ত তাদের কোনো ক্লাস কিংবা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এর ফলে একই সময়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা পাস করলেও তারা আটকে আছেন। বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে এ নিয়ে কথা বলা হলে উল্টো সনদবঞ্চিত করার হুমকি পাওয়া গেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। সকাল ১০টার দিকে চারুকলা অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর শিক্ষার্থীদের তালা খুলে দিয়ে আলোচনায় বসার অনুরোধ করেন। তবে তারা তালা খুলে না দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে দুপুর ১টার দিকে উপাচার্যের সঙ্গে দেখা করে শিক্ষার্থীরা অভিযোগ জানান। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ১ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসকে সামনে রেখে কোনো বিক্ষোভ কর্মসূচি না নেওয়ার জন্য উপাচার্য ছাত্রদেরকে অনুরোধ জানিয়েছেন। বর্তমান সমস্যা সমাধানে চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে একটি সমঝোতামূলক সিদ্ধান্ত নিতে উপাচার্য অনুষদের ডিন অধ্যাপক এমদাদুল হক মো. মতলুব আলীকে দায়িত্ব দিয়েছেন বলেও জানান তিনি। শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্যের আশ্বাস পেয়ে বিকেল ৩ টার দিকে দুটি ফটকের একটি খুলে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬৪৪ ঘ.