গাইবান্ধা, ২৫ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিসংতায় চার ইউনিয়নে অন্তত ২৫ জন আহত হয়েছে।
শনিবার রাতে এ সহিংসতা চলাকালে এক চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়িসহ ছয়টি বাড়িতে ভাংচুর চালানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও ফাঁকা গুলি বর্ষণ করেছে।
আহতদের বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন- মহিমাগঞ্জ ইউনিয়নের কুশারতাইড় গ্রামের তাজরুল ইসলাম, সোবহান মিয়া, শিবপুর ইউনিয়নের বারোচিকরী গ্রামের বিপুল চন্দ্র, আশুতোষ চন্দ্র, মদন চন্দ্র ঠাকুর, অতুল চন্দ্র সরকার, চামেলি রানী, লক্ষ্মী রাণী, কাঞ্চন বালা, মহন চন্দ্র সরকার, সুনন্দ চন্দ্র সরকার, নাকাইহাট ইউনিয়নের খুকসিয়া কালুগাড়ী গ্রামের নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, হোসেন আলী, আব্দুল মাবুদ মিয়া, শওকত আলী, আব্দুল গফুর, তোতা মিয়া, ডুমুরগাছা গ্রামের আব্দুল মোন্নাফ, ফারজানা খাতুন ও কবেজ আলী।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান, রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের কুশারতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণার এক পর্যায়ে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কাদের মিঠুর সমর্থকরা অপর প্রার্থী আব্দুল লতিফ প্রধানের সমর্থকদের উপর হামলা চালালে দুইজন আহত হয়।
শিবপুর ইউনিয়নের বারোচিকোরী কমিউনিটি ক্লিনিক ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণা শেষে পরাজিত সদস্য পদপ্রার্থী ছকু মিয়া ও পরাজিত সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী ডলি বেগমের সমর্থকরা ভোট না দেওয়ার অভিযোগে বারোচিকোরী গ্রামের চারটি হিন্দু পরিবারের ঘরবাড়ি ভাংচুর করে।
হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণার এক পর্যায়ে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকরা হামলা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে এবং শর্টগানের ফাঁকা গুলি ছোঁড়ে।
এ সময় উত্তেজিত জনতা ওই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ছবদেল সরকারের বাড়িতে ভাংচুর করে।
নাকাইহাট ইউনিয়নের খুকশিয়া কালুগাড়ী কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার এক পর্যায়ে সদস্য পদপ্রার্থী আবুল হোসেন ও নুরু মিয়ার সমর্থকদের সংঘর্ষে ৭ জন আহত হয়।
পুলিশ লাঠিপেটা এবং শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একই ইউনিয়নের ডুমুরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা চলছিল। এ সময়ে সদস্য পদপ্রার্থী আব্দুল মান্নান ও শাহ আলমের সমর্থকদের মধ্যে কেন্দ্রের বাইরে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ও পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ৭ জন আহত হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা এবং ফাঁকা গুলি ছোড়ে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, তবে সব মিলে কত রাউন্ড গুলি হয়েছে তা বলা সম্ভব নয়। সবগুলো ঘটনা রাত ৮টা থেকে ১০টার মধ্যে ঘটেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৯ ঘ.
bdnews24