২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ

বাস ভাংচুর মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 06:26 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

সাতক্ষীরা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস ভাংচুর মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকরা। বিষয়টি নিয়ে শনিবার সন্ধ্যায় প্রশাসনের সঙ্গে বাস মালিকদের একটি বৈঠক হলেও একটি পক্ষ না আসায় কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হয়। দুপুর থেকে সাতক্ষীরার অভ্যন্তরীণ এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে সকালে কালিগঞ্জ উপজেলা বাস মালিক ও শ্রমিকদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। সকাল থেকে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কের বিভিন্নস্থানে কালিগঞ্জ উপজেলা বাস শ্রমিকরা লাঠিসোটা নিয়ে মহাড়া দেয়। হঠাৎ বাস ধর্মঘটের কারণে জেলা শহরের সঙ্গে দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু জানান, গত ২০ জুন শ্যামনগর মহসিন কলেজের এক ছাত্রের সঙ্গে ভাড়া আদায় নিয়ে বিরোধের জেরে এলাকাবাসী ও কলেজ ছাত্ররা ১০/১২টি যাত্রীবাহী বাস ভাংচুর ও বিভিন্ন বাস কাউন্টারে লুটপাট করে। এঘটনায় ওইরাতেই শ্যামনগর থানায় মামলা দায়ের করা হয়। তিনি অভিযোগ করেন, পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। তাই সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে বাস চলাচল অনিদিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সাইফুল করিম সাবু আরো বলেন, বিষয়টি নিয়ে শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একটি বৈঠক হয়েছে। কিন্তু বৈঠকে ইউএনও তৌফিক এলাহী চৌধুরী, সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম, তিনি নিজে (সাইফুল করিম সাবু), কালিগঞ্জ উজেলা বাস-মিনিবাস মালিক সমিতি সভাপতি শেখ আব্দুল ওয়াহেদ সভায় উপস্থিত থাকলেও ছাত্রদের পক্ষে কেউ না আসায় বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। রোববার সকালে আবার এই স্থানে বৈঠক হবে বলে তিনি জানান। শ্যামনগর থানার ওসি কাজী জালালউদ্দীন জানান, বাস মালিকদের দায়ের করা মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৭ ঘ.