২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের উন্নয়নে পরিকল্পনা করে সরকারকে জানানোর আহ্বান

চট্টগ্রামের উন্নয়নে সঠিক পরিকল্পনা করে তা সরকারকে জানাতে সব শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

চট্টগ্রাম, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের উন্নয়নে সঠিক পরিকল্পনা করে তা সরকারকে জানাতে সব শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন। শনিবার বিকালে নগরীর মুসলিম হলে 'বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি' আয়োজিত সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ফ্লাইওভার বা ওভারব্রীজ হলেই বাণিজ্যিক রাজধানী হয় না, এ বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা আলাপ- আলোচনা করে সরকারকে বলতে পারেন কি কি করা প্রয়োজন। আবেদন-নিবেদন নয়, পরিকল্পনা থাকতে হবে। সরকার কি কি করতে পারেনি তা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জানাতে হবে। আফসারুল আমিন বলেন, চোখে দেখলেই আমরা শুধু উন্নয়ন বলি। কিন্তু শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি খাতে উন্নয়নই অন্যতম প্রধান উন্নয়ন। বন্দরের ট্রানজিটের বিষয়ে তিনি বলেন, বন্দরের ৩০ ভাগ ব্যবহার করা হয়। ট্রানজিটের ফলে ১০০ ভাগই ব্যবহার করা সম্ভব হবে। চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির এই সম্মেলন উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। কমিটির সভাপতি তসলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, অ্যাডভোকেট রানাদাশ গুপ্ত প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, চট্টগ্রাম উন্নয়ন নিছক আঞ্চলিক দাবী নয় এটা জাতীয় উন্নয়নের পূর্বশর্ত। সম্মেলনে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে চিকিৎসক, শিক্ষক, প্রাবন্ধিক, রাজনৈতিক নেতারা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/কেএমএস/২২২৫ ঘ.